নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের পেরাবো এলাকায় পুকুরের মাটি অথবা ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় আইনজীবীর ওপর হামলা ও গুলিবর্ষণ করেছে ছাত্রলীগ নামধারী কতিপয় যুবক।
গত শনিবার রাতে পেরাব এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই আইনজীবী তালতলা তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ থেকে জানা যায়, পেরাব এলাকায় নারায়ণগঞ্জ জজ কোর্টের আইনজীবী খন্দকার মো. মিকাঈল তার ১২ বিঘা পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। মাছ চাষের সুবিধার জন্য কয়েক দিন আগে তিনি পুকুরে খনন কাজ শুরু করেন। শনিবার রাতে পেরাব এলাকার ছাত্রলীগ নামধারী রিয়েল মোল্লা, ফয়সাল, সালাউদ্দিন, ফারুক ও মোহাম্মদ আলীসহ ৮-১০ জন পুকুরের মাটি তাদের দিয়ে দেওয়ার জন্য খন্দকার মো. মিকাঈলের কাছে দাবি করে। এতে তিনি অস্বীকৃতি জানালে ওই যুবকরা মাটির বদলে আইনজীবীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এতে অস্বীকার করায় রিয়েল মোল্লা ও ফয়সাল আইনজীবীকে মারধর ও গালাগাল এবং একপর্যায়ে তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে।
এ ব্যাপারে রিয়েল ও ফয়সাল গুলিবর্ষণের কথা অস্বীকার করে বলেন, ‘জমির মালিক বিএনপি সমর্থক মিকাঈল। তার পুকুরের মাটি আমরা কিনতে চেয়েছি কিন্তু কোনো চাঁদা চাইনি।’ তালতলা ফাঁড়ির ইনচার্জ আহসান উল্লাহ বলেন, ‘এ ঘটনায় আইনজীবী মিকাঈল নামে এক ব্যক্তি অভিযোগ দিয়েছেন। আমি কয়েকটি ডাকাতির ঘটনা নিয়ে ব্যস্ত থাকায় এখন এ ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে পারছি না। পরে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
অতিরিক্ত পুলিশ সুপার (খ অঞ্চল) খোরশেদ আলম জানান, এ বিষয়ে তিনি অবগত নন। যদি আইনজীবী মামলা করতে চান তাহলে মামলা গ্রহণ করে আসামিদের গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।