স্বাগতা একাধারে নায়িকা, গায়িকা, উপস্থাপিকা, অভিনয়শিল্পী, মডেল ও নির্দেশক। শুরু করবেন নিমা রহমানের পরিচালনায় নতুন একটি ধারাবাহিক নাটকের কাজ। তার সঙ্গে কথা বলেছেন রণ
নানা মাধ্যমে স্বাগতা...
এখন নাটক, সিনেমা, বিজ্ঞাপন, ওয়েব সিরিজ, মঞ্চ নানা মাধ্যমে কাজ করছি। ইতিমধ্যে ‘খ্যাতির বিড়ম্বনা’ নামে একটা মঞ্চনাটক নির্দেশনা দিয়েছি। চলছে রবীন্দ্রনাথের ‘কাল মৃগয়া’কে মঞ্চে আনার কাজ। এর ফাঁকে বেশ কয়েকটি বিজ্ঞাপনচিত্রের কাজও করেছি। আর উপস্থাপনা তো আছেই। সঙ্গে সংসারটাও করতে হয়।
চার ধারাবাহিকে...
ভালোবাসার আলো আঁধার, চিটার ডট কম, গোল্লাছুট নামের তিনটি ধারাবাহিকে অভিনয় করেছি। গোল্লাছুটে আমি তোতলা, একটু বোকা, সারা দিন কান্না করি। চিটার ডট কমে আমার চরিত্র চিটারের বউয়ের। আর ভালোবাসার আলো আঁধার নাটকে আবার খুবই লক্ষ্মী মেয়ে আমি। নিমা রহমানের ধারাবাহিকটি এখনো শুরু হয়নি।
ওয়েব প্রযোজনায়...
স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই-এর ভালোবাসা দিবসের বিশেষ আয়োজন ‘পাঁচফোড়ন’ এর জন্য গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত থ্রি কিসেস নামের একটি ওয়েব প্রযোজনায় কাজ করেছিলাম। সেখানে আমার চরিত্রটি একজন এমফিল শিক্ষার্থীর, যে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের প্রেমে হাবুডুবু খায়। কাজটির জন্য ভালো দর্শক সাড়া পেয়েছি।
চলচ্চিত্রে...
নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’ সিনেমার কাজ শেষ করেছি। সামনে শুরু করব ফাহিম কাদের পরিচালিত ‘হীরার খোঁজে চাঁদের কাছে’ ছবির শ্যুটিং। এতে অভিনয় করব মুখ্য একটি চরিত্রে। গিয়াসউদ্দিন সেলিমের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘পাপপুণ্য’তে আমাকে দেখা যাবে ছোট্ট একটি বিশেষ চরিত্রে।
অভিনয়ে যেভাবে...
১৭ বছর ধরে শাস্ত্রীয় সংগীত শিখেছি। পড়াশোনা করেছি ফিল্ম অ্যান্ড মিডিয়া নিয়ে। স্কুলে যাওয়ার আগে থেকে গান আর অভিনয়ের জন্য বাংলাদেশ টেলিভিশনে যাওয়া-আসা করতাম। ২০০৫ সালে মডেল অন্বেষণ প্রতিযোগিতা ‘ইউ গট দ্য লুক’-এ বিজয়ী হওয়ার পর থেকেই আমার অভিনয়জীবন শুরু। সেবার মান্না ভাইয়ের বিপরীতে শত্রু শত্রু খেলা ছবিটা করলাম। প্রমাণ করলাম, সিনেমা হিট করার জন্য স্বল্প পোশাক বা শরীর প্রদর্শন আবশ্যক নয়।
মজার গল্প...
‘গরম ভাত অথবা নিছক ভূতের গল্প’ নাটকে আমার চরিত্র ছিল একজন হিস্টিরিয়া রোগীর। সে অদ্ভুতভাবে হাসে আর কাঁদে। একটা দৃশ্যে আমি কাঁদতে কাঁদতে উঠে দাঁড়িয়ে কামড় দিই তারিক আনাম খানের কানে। শ্যুটিং শুরুর আগে তারিক আনাম খান বলেছিলেন, “তুই বেইলি রোডের মেয়ে, হিস্টিরিয়া রোগী তো দেখিসনি জীবনে। এই রোগী যা-তা করে।” আর শ্যুটিংয়ের সময় তিনিই ক্যামেরার সামনে ভয় পেয়ে গিয়েছিলেন আমাকে দেখে। ভেবেছিলেন সত্যি সত্যি আমি কামড়ে দেব! তার অভিব্যক্তি দেখে বুঝেছিলাম অভিনয়টা আমাকে দিয়ে হবে।