মাশরাফীর উত্তরসূরি তামিম

সিলেটে ৬ মার্চ অধিনায়কত্বের শেষ ম্যাচের পর মাশরাফী বিন মোর্ত্তজাকে কাঁধে তুলে নিয়েছিলেন তামিম ইকবাল। এবার তার কাঁধেই দেওয়া হলো মাশরাফীর রেখে যাওয়া ওয়ানডে দলের দায়িত্ব। ওয়ানডেতে বাংলাদেশের নতুন অধিনায়ক করা হয়েছে দেশের অন্যতম সেরা ব্যাটসম্যানকে। গতকাল বোর্ড সভা শেষে এ ঘোষণা দেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। বাংলাদেশের ১৪তম ওয়ানডে অধিনায়ক হলেন তামিম।

আসন্ন পাকিস্তান সিরিজ থেকেই নতুন পথচলা শুরু করবেন তামিম। ১ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে করাচিতে একমাত্র ওয়ানডে খেলবে বাংলাদেশ। মে-তে রয়েছে আয়ারল্যান্ডে ৩ ম্যাচের সিরিজ। তাকে দায়িত্ব দেওয়ার ব্যাপারে পাপন বলেন, ‘বোর্ড মিটিংয়ের আগে আমাদের চিন্তা ছিল যে আপাতত একজনকে নেতৃত্ব দেওয়া হবে। পরের বছরে গিয়ে আরেকজনকে নেতৃত্ব দেওয়া হবে। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি তামিম ইকবালই ওয়ানডে অধিনায়ক হবে। বোর্ড যেভাবে সিদ্ধান্ত নেয় সেরকমভাবেই তাকে লম্বা সময়ের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।’

এর আগেও বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন তামিম। তবে সেসবই ভারপ্রাপ্ত হিসেবে, স্বল্প সময়ের জন্য। এবার যখন দেওয়া হলো দায়িত্ব তা কি লম্বা সময়ের জন্য কি না এমন প্রশ্নে পাপন জানান, ‘এখানে নিশ্চয়তার কিছু নেই। আমরা তাকে লম্বা সময়ের জন্যই অধিনায়ক নির্বাচিত করেছি। সামনে কী হবে বা কতদিনের জন্য সে নেতৃত্বে থাকবে এটা তারিখ দিয়ে বলা যাবে না। কিন্তু আমাদের ইচ্ছা সে লম্বা সময় থাকুক।’ 

বাংলাদেশের হয়ে তিনটি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন তামিম ইকবাল। গত বছর জুলাইতে শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডেতে অধিনায়কত্ব করেছিলেন তিনি। সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। এছাড়া মুশফিকুর রহিম ইনজুরিতে পড়ায় ২০১৭-তে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টেস্টেও নেতৃত্ব দিয়েছিলেন তামিম। ঘরোয়া ক্রিকেটেও নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে এই বাঁ-হাতি ওপেনারের। ২০১০-১১ মৌসুমে ঢাকা লিগে একটি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। ২০১২-২০১৪ জাতীয় লিগে ও বিসিএলে দুটি করে ম্যাচে অধিনায়কত্ব করেছেন তামিম। ২০১৬ সালে পুরো মৌসুমে আবাহনীর অধিনায়ক ছিলেন তিনি। বিপিএলে দুরন্ত রাজশাহীকে তিনটি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। তাছাড়া ২০১৫ থেকে বিপিএলে টানা তিন মৌসুমে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে তার।