পাপিয়ার অর্থের তথ্য চেয়ে ৫৯ ব্যাংকে দুদকের চিঠি

নরসিংদীর বহিষ্কৃত যুব মহিলা লীগ নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান সুমনের অর্থের তথ্য জানাতে কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটসহ (বিএফআইইউ) দেশি-বিদেশি ৫৯টি ব্যাংকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার কমিশনের প্রধান কার্যালয় থেকে অভিযোগের অনুসন্ধান কর্মকর্তা দুদকের উপ-পরিচালক শাহীন আরা মমতাজের স্বাক্ষর করা পৃথক চিঠি ৫৯টি ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক (এমডি) ও কেন্দ্রীয় ব্যাংকের বিএফআইইউ বরাবর পাঠানো হয়েছে।

কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় এই দম্পতির বাড়ি ও ব্যাংক হিসাবের তথ্য জানতেও আলাদা চিঠি পাঠানো হয়েছে। এর আগে পাপিয়ার সম্পদের হিসাব মেলাতে হোটেল ওয়েস্টিন ও রিয়েল এস্টেট কোম্পানি ডোম-ইনোকে চিঠি দেয় দুদক।