মাগুরায় ৩ বছরের মেয়েকে গলা টিপে হত্যা করল মা!

মাগুরায় তিন বছরের মেয়েকে গলা টিপে হত্যার অভিযোগে সুফিয়া বেগম (৩৮) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে শহরের হাজী সাহেব রোডের কলেজপাড়া এলাকার একটি বাসা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী হত্যার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে ভাড়া বাড়ির তৃতীয় তলা থেকে সুফিয়া তার মেয়ে মাহিকে মৃত অবস্থায় কোলে নিয়ে নিচে নামে তাদের জানান, মেয়ে মারা গেছে। এ সময় তারা এগিয়ে গেলে সুফিয়া মেয়েকে নিয়ে দৌড়ে ঘরে চলে যায়। গিয়ে রান্না ঘরের সিলিন্ডারের গ্যাস লাইনে আগুন লাগিয়ে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেন। এলাকাবাসী দমকল বাহিনী ও পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ সুফিয়াকে আটক করে ঘর থেকে মাহির লাশ উদ্ধার করে। তারা আরও জানান, তিন বছর ধরে সুফিয়া ওই বাড়িতে ভাড়া আছেন। দেড় বছর আগে তার দ্বিতীয় স্বামী মনু মিয়ার সঙ্গে বিচ্ছেদ হয়। মাহি দ্বিতীয় পক্ষের একমাত্র মেয়ে। সুফিয়ার প্রথম স্বামীর নাম আবু তালেব। ওই পক্ষের আনজিরা ও তানজিরা নামে দুটি মেয়ে রয়েছে। মেয়েরা জানান, তাদের মায়ের মানসিক সমস্যা রয়েছে। এদিকে সুফিয়া সাংবাদিকদের কাছে মেয়েকে হত্যার কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘আমি মেয়েকে গলা টিপে হত্যা করেছি। আমার শরীর ভালো না, যেকোনো সময় মারা যেতে পারি। পরে মেয়ে যেন কোনো পুরুষের লালসার শিকার না হয়। তাই ওকে হত্যা করেছি।’ সদর থানার ওসি (অপারেশন) সাইদুর রহমান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুফিয়া মেয়েকে হত্যার কথা স্বীকার করেছেন। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।