আদিতমারী উপজেলায় ইয়াবা সেবনের সময় কৃষি কর্মকর্তা ও এক সাবেক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।
রবিবার দিবাগত রাতে উপজেলার হাজীগঞ্জ গ্রামের হাজীগঞ্জ উদীয়মান সুরুজ কলেজ মাঠ থেকে তাদের আটক করা হয়।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, হাতীবান্ধা উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা গোবিন্দ চন্দ্র শীল ও তার বন্ধু ইউনিয়ন ছাত্রলীগের সাবেক নেতা মনিরুল ইসলাম মনিরকে ইয়াবা সেবনের সময় আটক করা হয়েছে। তাদের কাছে ছয় পিস ইয়াবা পাওয়া গেছে। মামলা দায়ের করে তাদের সোমবার আদালতে পাঠানো হয়েছে।
গোবিন্দ চন্দ্র শীলের বাড়ি আদিতমারী উপজেলার মহিষখোঁচা এলাকায়। তার বাবার নাম গোপেন চন্দ্র শীল। মহিষখোঁচা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মনির একই গ্রামের আদুল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, এর আগেও মাদকদ্রব্য সেবনের অভিযোগে গোবিন্দ চন্দ্র শীল দুবার পুলিশের হাতে আটক হয়েছিলেন। একবার চাকরি থেকে সাময়িক বরখাস্ত ছিলেন। মনিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা চলমান আছে।