ফেনীতে বিআরটিসি বাসের ধাক্কায় কলেজছাত্র নিহত

ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে বিআরটিসি’র বাসের ধাক্কায় দাগনভূঞা ইকবাল মেমোরিয়াল কলেজের আবু বক্কর নাঈম (১৮) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার সেনবাগ উপজেলার ছমির মুন্সিরহাট বীর বিক্রম শহীদ তরীক উল্লাহ স্টেডিয়াম সংলগ্ন স্থানে এ দুর্ঘটনায় আরেক শিক্ষার্থী মারাত্মক আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, নাঈম ও তার বন্ধু মারুফ প্রতিদিনের মতো মোটরসাইকেলযোগে উপজেলার ছমির মুন্সির হাট থেকে কলেজের উদ্দেশ্যে রওনা হন। এসময় তাদের মোটরসাইকেলটি ছমির মুন্সিরহাট বীর বিক্রম শহীদ তরীক উল্লাহ স্টেডিয়াম সংলগ্ন স্থানে এলে লক্ষীপুরগামী বিআরটিসির বাসের সাথে ধাক্কা লাগে।

স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে মুন্সিরহাট সেবা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। আহত অবস্থায় মারুফকে হাসপাতালে ভর্তি করায়।

নিহত নাঈম সেনবাগের বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি এলাকার নুরুল আমীন মানিকের ছেলে। আহত মারুফ মোহাম্মদপুর ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের মো. আইয়ুব আলীর ছেলে।