জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে উদ্বোধনী জুটিতে রেকর্ড রান উপহার দিয়েছেন তামিম ইকবাল ও লিটন দাস।
সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডেতে ইতিহাস গড়েন দুই ওপেনার তামিম ও লিটন। উদ্বোধনী জুটিতে এই দুজন যোগ করেন ২৯২ রান। ওয়ানডেতে যে কোনো উইকেট জুটিতে যা বাংলাদেশের সর্বোচ্চ স্কোর।
ওয়ানডে সিরিজের পর সোমবার দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এদিন দুই ওপেনার উদ্বোধনী জুটিতে যোগ করেন ৯২ রান। টি-টোয়েন্টিতে উদ্বোধনী জুটিতে বাংলাদেশের এটিই সর্বোচ্চ সংগ্রহ। সব উইকেট মিলে এটি বাংলাদেশের অষ্টম সর্বোচ্চ স্কোর।
আগের রেকর্ডও ছিল এই দুজনেরই। ২০১৮ সালের মার্চে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ৭৪ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন এই দুই ব্যাটার।
এদিন তামিম ও লিটন শুরু থেকেই দুর্দান্ত শুরু খেলছিলেন। ১১তম ওভারে তামিমকে ফিরিয়ে এই জুটি ভাঙেন ওয়েসলি মাধেভেরে। ৩৩ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪১ রান করেন তামিম।
লিটন দাস অবশ্য ফিফটি তুলে নেন। সিকান্দার রাজার বলে ফেরার আগে ৩৯ বলে ৫৯ রান করেন তিনি ৫ চার ও ৩ ছক্কায়। টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় ফিফটি পূরণ করেন তিনি ৩১ বলে।
লিটন যখন ফেরেন বাংলাদেশের স্কোর তখন ১৩ ওভারে ২ উইকেটে ১০৬। টস এদিন আগে ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা।