করোনাভাইরাস: ফেনীর সীমান্ত হাট ২ সপ্তাহ বন্ধ ঘোষণা

ফেনীর ছাগলনাইয়া এবং ভারতের শ্রীনগর সীমান্তের বর্ডার হাট দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে হাট ব্যবস্থাপনা কমিটি।

করোনাভাইরাস ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সোমবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

জানা যায়, বিশ্বব্যাপী করোনা বিস্তার করায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রবিবার বাংলাদেশে তিনজন করোনারোগী শনাক্ত হওয়ার পর স্বাস্থ্য বিভাগ থেকে নানা নির্দেশনা দেওয়া হয়। সে নির্দেশনার আলোকে সোমবার সীমান্ত হাট পরিদর্শন করেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।

এ সময় তিনি করোনা ভাইরাস সংক্রমণ রোধে গণজমায়েত এড়াতে মঙ্গলবার (১০ মার্চ) ও আগামী সপ্তাহের মঙ্গলবারে (১৬ মার্চ) হাট বন্ধ রাখার নির্দেশনা দেন।

সীমান্ত হাটের ব্যবসায়ী সমিতির নেতা সানী আতাউর বলেন, জেলা প্রশাসনের হাট বন্ধের সিদ্ধান্ত ভালো হয়েছে। ব্যবসায়ীরা সাময়িক ক্ষতিগ্রস্ত হলেও সামগ্রিকভাবে সবার জন্য ভালো।

হাট ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম জাকারিয়া বলেন, করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে সতর্কতামূলকভাবে বর্ডার হাট আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে। হাট ব্যবস্থাপনা কমিটির পরবর্তী সভায় হাট খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

হাট ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ও ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় হাটটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই দেশের আলোচনার আলোকেই দুই সপ্তাহের হাট বন্ধ করা হয়েছে।

এদিকে করোনা প্রতিরোধে ফেনীতে নানা কর্মসূচি হাতে নিয়েছে স্বাস্থ্য বিভাগ। জেলায় ৭০টি আইসোলেশন শয্যার প্রস্তুতি নেওয়া হচ্ছে।