কর্মকর্তাদের পরিকল্পনামন্ত্রী

পুকুর খনন শিখতে উগান্ডায় যাচ্ছি কিন্তু কেন

সরকারি কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ সফর বন্ধের নির্দেশ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। গতকাল সোমবার প্রকল্প পরিচালকদের (পিডি) এক প্রশিক্ষণ সভার সনদ বিতরণ অনুষ্ঠানে এ নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘আমরা অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ করি। অনেক সময় পুকুর খনন শিখতে উগান্ডায় যাচ্ছি। কিন্তু কেন?’

রাজধানীর ধানম-িতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে (বিআইএম) দুদিনব্যাপী ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (পিএমআইসি) অব আইএমইডি’ শীর্ষক প্রশিক্ষণ সভা ও সনদ বিতরণীর এ অনুষ্ঠান আয়োজন করে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। অনুষ্ঠানে বিআইএমর মহাপরিচালক তাহমিনা আখতার, আইএমইডির অতিরিক্ত সচিব আবদুল মান্নান উপস্থিত ছিলেন।

সম্প্রতি পুকুর খনন, কুয়া খনন, মধু চাষ ও কাজুবাদামের মতো ফসল চাষেও বিদেশ ভ্রমণের হিড়িক পড়েছে। বিষয়টা এমন দাঁড়িয়ে যেন প্রকল্প মানেই বিদেশ ভ্রমণ থাকতেই হবে। এসব নিয়ে গণমাধ্যমে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হওয়ায় শুরু হয় সমালোচনা। এর পরিপ্রেক্ষিতেই গতকালের অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, তিন দিনের স্টাডি ট্যুরে প্রকল্পসংশ্লিষ্টরা আমেরিকায় যাচ্ছেন। আমেরিকায় যেতে-আসতেই লাগে দুদিন। তাহলে ওই তিন দিনের ট্যুরে আমেরিকায় গিয়ে আমরা কী শিখছি?’ এম এ মান্নান বলেন, ‘আমাদের দুর্ভাগ্য, অধিকাংশ প্রকল্প পরিচালক ঘুরে বেড়ান। তাদের অনেক দায়-দায়িত্ব আছে। হয়তো তাদের অনেক কাজে ঢাকায় আসতে হয়। তবে দেশ-বিদেশ ঘুরে বেড়ানোর নামে আমরা যা করি এগুলোও মানুষের নজরে থাকে, এটা আমাদের মনে রাখা উচিত।’