উত্তর কোরিয়া পূর্ব উপকূলে নতুন তিনটি প্রজেক্টাইল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। গতকাল সোমবার দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, হুমকি দেওয়ার দুদিন পরই গতকাল ‘গুরুত্বপূর্ণ’ তিনটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পিয়ংইয়ং।
গত সপ্তাহেই দুটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। সিউলের জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে বলেছেন, উত্তর কোরিয়ার হ্যামইয়ং প্রদেশের পূর্বাঞ্চলের শহর সোন্দোক থেকে এগুলো উৎক্ষেপণ করা হয়েছে। ৫০ কিলোমিটার উচ্চতায় ক্ষেপণাস্ত্রগুলো ২০০ কিলোমিটার পাড়ি দিয়েছে। সেনাবাহিনী পরবর্তী অবস্থা পর্যবেক্ষণ করছে এবং যেকোনো পরিস্থিতির জবাব দিতে প্রস্তুত রয়েছে।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়োশিহাইড সুগা বলেন, ‘উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রগুলো ব্যালেস্টিক। তবে এগুলো টোকিওর ভূখণ্ড কিংবা বিশেষ অর্থনৈতিক জোনে পড়েনি।’ তিনি আরও বলেন, ‘এ ধরনের পদক্ষেপ আমাদের জাতি এবং অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি। একটির পর একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্বিগ্ন করে তুলেছে।’
সম্প্রতি উত্তর কোরিয়া জানায়, তাদের সর্বোচ্চ নেতা কিম জং উন দুদফা গোলাবর্ষণ প্রশিক্ষণ সরাসরি প্রত্যক্ষ করেন। আর এ বছরের শুরুতে কিম ঘোষণা করেন, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত তারা তুলে নিয়েছেন।