নায়েমে শিক্ষামন্ত্রী

বিশেষজ্ঞ মতামতের পর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত

বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘দেশে করোনাভাইরাস আক্রান্ত শনাক্তের পর জাতীয় পর্যায়ের বিশেষজ্ঞ প্রতিষ্ঠান আইইডিসিআর বলেছে, এখনো শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। এরপরও আমরা বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

গতকাল সোমবার বিকেলে রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নায়েমের মহাপরিচালক অধ্যাপক আহাম্মেদ সাজ্জাদ রশীদ। শিক্ষামন্ত্রী বলেন, ‘আইইডিসিআর করোনা মোকাবিলায় জনসমাগমস্থল এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান জনসমাগমস্থল নয়। তবে এ বিষয়ে আমরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সচেতনতামূলক প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘মানসম্মত শিক্ষা অর্জন করতে হলে মানসম্মত শিক্ষক খুবই জরুরি। শিক্ষকদের প্রতিনিয়ত আপডেট থাকতে হবে। বর্তমান বিশ্বে সবকিছু খুব দ্রুত পরিবর্তন হয়। এজন্য অনার্স-মাস্টার্স অথবা পিএইচডি ডিগ্রি অর্জন করলেই সব শেষ হয়ে গেল, তা নয়। শিক্ষকদের জীবনধর্মী হতে হবে।’

গত বছর ডিসেম্বরের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত করা হয়। এরপর থেকে গতকাল পর্যন্ত ভাইরাসটি বিশ্বের ১০০টির বেশি দেশে ১ লাখ ১০ হাজার ৫৬৪ জনের মধ্যে সংক্রমণ হয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৬২ জনের। আরোগ্য লাভ করেছে ৬২ হাজারের বেশি মানুষ। করোনাভাইরাসের প্রভাবে এখন পর্যন্ত ১৭ দেশ সম্পূর্ণ এবং ১০টি দেশ আংশিকভাবে তাদের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে। এতে ইউনেস্কোর তথ্যে, ৩০ কোটির বেশি শিক্ষার্থী ঘরবন্দি হয়ে পড়েছে।