করোনার আতঙ্কে কাঁপছে পুরো বিশ্ব। খেলাধুলায় করোনার প্রভাব পড়েছে দারুণভাবে। সিরি এ লিগ ম্যাচগুলো নির্দিষ্ট সময়ে হতে পারেনি। এশিয়ার ফুটবল বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচও পিছিয়ে গেছে। সেই ধারাবাহিকতায় করোনার প্রভাব এসে পড়েছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও।
অনিশ্চয়তা দেখা দিয়েছে মুজিব শতবর্ষ উপলক্ষে পরিকল্পিত এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের ম্যাচ দুটি নিয়েও। দেশে রবিবার করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ম্যাচ দুটির আয়োজন নিয়ে সংশয়ে পড়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে তারা জানিয়েছে ২১ ও ২২ মার্চ বিশ্ব তারকাদের নিয়ে অনুষ্ঠেয় ম্যাচ দুটির পরিকল্পনা বাতিল করা হয়নি। তবে অনানুষ্ঠানিকভাবে বিসিবির শীর্ষ এক কর্তা জানিয়েছেন, এ বিষয়ে সরকারের পরামর্শ ও নির্দেশনা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। বোর্ডের কয়েকটি সূত্র জানিয়েছে, সতর্কতা হিসেবে ম্যাচ দুটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া ছাড়া শেষ পর্যন্ত কিছু করার থাকবে না।
কেবল ক্রিকেট নয়, করোনার প্রভাব পড়েছে গলফেও। আগামী ২৫ থেকে ২৮ মার্চ কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন ২০২০। কিন্তু দেশে করোনাভাইরাস সংক্রমণের খবর পাওয়ার পর এই আসরটি স্থগিত করেছে এশিয়ান ট্যুর। ৪ লাখ মার্কিন ডলারের এই আসরটি হতো বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় গলফ আসর। গতকাল এশিয়ান ট্যুরের ওয়েবসাইটে প্রধান নির্বাহী চো মিন ট্যান্ট জানান, ‘করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হওয়ায় ঢাকায় বিদেশিদের যাতায়াতে কড়াকড়ি আরোপ করা হয়েছে যাতে ভাইরাসটা দেশজুড়ে ছড়াতে না পারে। তাই আমরা এটি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছি। পরিস্থিতি ঠিক হলে এই আসরটির তারিখ পরে নির্ধারণ করা হবে।’ করোনার প্রভাবে গতকাল ২০২২ বিশ্বকাপ এবং ২০২৩ এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশের পরবর্তী চারটি ম্যাচ স্থগিত করা হয়েছে। ঘোষণাপত্রে এএফসি জানিয়েছে বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় তারা মার্চ এবং জুনে বাংলাদেশের যে চারটি ম্যাচ খেলার কথা ছিল, সেগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিতের পরামর্শ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে।