দেশে করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সংবাদমাধ্যম থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সব জায়গায় এই মুহূর্তে আলোচ্য বিষয় করোনাভাইরাস। জনসংখ্যাবহুল এই দেশে করোনা ছড়িয়ে পড়লে কীভাবে মোকাবিলা করা সম্ভব!
তবে করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হতে মানা করেছেন বিশেষজ্ঞরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জনগণকে এ বিষয়ে আশঙ্কামুক্ত থাকতে বলেছেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘ইনশাআল্লাহ, আমাদের পর্যাপ্ত সক্ষমতা রয়েছে (করোনাভাইরাস মোকাবিলায়) এবং আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। এখানে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই। সরকার ২৪ ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যেকোনো জায়গায় সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে চলতে হবে।’
এদিকে বাংলাদেশের প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক এবিএম আব্দুল্লাহ জানান, ইতিমধ্যে যাদের শনাক্ত করা হয়েছে তাদের অবস্থা ভালো আছে। নিবিড় পর্যবেক্ষণে রেখে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুরো বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এক লাখের বেশি মানুষ। আক্রান্তদের ৬০ হাজারেরও বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন।
ডা. আব্দুল্লাহর মতে, সাধারণ চিকিৎসায় ও পদক্ষেপে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। সতর্ক থাকলেও আক্রান্ত হওয়া থেকে রেহাই পাওয়া যাবে।
এই বিষয়ে তার পরামর্শ হচ্ছে-
* ভিড় এড়িয়ে চলুন।
* সম্ভব হলে গণপরিবহন ব্যবহার থেকে বিরত থাকুন।
* করমর্দন থেকে বিরত থাকতে হবে।
*হাত দিয়ে নাক-মুখ স্পর্শ করা যাবে না।
*সাবান দিয়ে নিয়মিত ভালোভাবে হাত ধুতে হবে।
*সর্দি-কাশি হলে চিকিৎসকের কাছে যান
*গরম পানি খেতে হবে।
* খাবার ভালোভাবে সিদ্ধ করে খাবেন।
* ঘরে থাকার চেষ্টা করুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া উচিত।