পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত বিএনপির

দেশে তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে উদ্বিগ্ন বিএনপি। গতকাল মঙ্গলবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়ে দলটির জ্যেষ্ঠ স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএনপির পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। পাশাপাশি নিজ দলের নেতাকর্মীদের করোনাভাইরাস থেকে রক্ষায় পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাসের গতিপ্রকৃতি দেখে পরবর্তী সময়ে কর্মসূচি ঘোষণা করা হবে। সরকারের উদ্দেশে তিনি বলেন, স্কুল-কলেজগামী কোমলমতি শিশু-কিশোরদের করোনাভাইরাসের সংক্রমণ থেকে দূরে রাখতে অবিলম্বে স্কুল-কলেজ সাময়িক বন্ধ ঘোষণা করুন।

বিএনপির পাশাপাশি দলসমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সভাপতি অধ্যাপক হারুন অর রশীদ গতকাল দেশ রূপান্তরকে বলেন, করোনাভাইরাস নিয়ে তারা রাজনীতি করতে চান না। তাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আগামীকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সায়েন্টিফিক সেমিনার ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলন থেকে করোনাভাইরাস থেকে রক্ষা পেতে নাগরিকদের করণীয় বিষয়ে ধারণা দেওয়া হবে। এছাড়া ড্যাবের পক্ষ থেকে লিফলেট করা হয়েছে। এ লিফলেট রাজধানী ঢাকাসহ সারা দেশে জনগণের মাঝে বিতরণ করা হবে যাতে তারা করোনাভাইরাস থেকে নিজেদের রক্ষা করতে পারেন।

বিএনপির হাইকমান্ডের নির্দেশে ছাত্রদলের কর্মসূচিও স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি ফজলুর রহমান খোকন। গতকাল দেশ রূপান্তরকে তিনি বলেন, পূর্বঘোষিত দুটি কর্মসূচি স্থগিত করেছে ছাত্রদল। এ কর্মসূচি দুটি গতকাল পালন করার কথা ছিল। ঘোষিত এসব কর্মসূচি বাতিলের পাশাপাশি মূল দলের নির্দেশ না পাওয়া পর্যন্ত আপাতত বড় কোনো কর্মসূচি নেওয়া হবে না বলেও জানান তিনি।

ঢাকা-১০ আসনের উপনির্বাচনকে সামনে রেখে গতকাল রাজধানীর ঝিগাতলা এলাকা থেকে বড় ধরনের শোডাউনের প্রস্তুতি থাকলেও শেষ পর্যন্ত তা সংক্ষিপ্ত করা হয়। সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীদের গ্রুপে গ্রুপে ভাগ করে দিয়ে ভোটারদের বাড়ি বাড়ি পাঠানো হয় ভোট চাইতে। বেলা সাড়ে ৩টায় শুরু হওয়া এ কর্মসূচিতে প্রার্থী শেখ রবিউল আলম রবির সঙ্গে প্রচারে অংশ নেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরাজিত মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন। এছাড়া পৃথকভাবে প্রচার চালান দলটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

গত রবিবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, দেশে প্রথমবারের মতো তিনজনের দেহে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আইইডিসিআরের পক্ষ থেকে এ ঘোষণা আসার পর থেকেই কোমলমতি শিশু-কিশোরদের রক্ষায় অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়টি আলোচনায় আসে। এরই মধ্যে গত সোমবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির এক জরুরি সভা হয়। লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে সভায় সভাপতিত্ব করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সভার বিষয়বস্তু জানাতে গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে পূর্বঘোষিত আজকের বিক্ষোভ সমাবেশের কর্মসূচি স্থগিতের কথা জানান। একই সঙ্গে সারা দেশের সব স্কুল আগামী দুই সপ্তাহ বন্ধ রাখারও দাবি জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, আমরা মনে করি, স্কুল-কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান অবিলম্বে বন্ধ করা দরকার। অন্তত প্রথম দিকে দুই সপ্তাহ বন্ধ হওয়া প্রয়োজন। কারণ হিসেবে আইইডিসিআরের পক্ষ থেকে নভেল করোনাভাইরাস থেকে নিরাপদ থাকতে জনসমাগম এড়িয়ে চলার পরামর্শের বিষয়টি তুলে ধরেন।

তিনি অভিযোগ করে বলেন, করোনাভাইরাসের বিস্তার রোধে যে প্রস্তুতি নেওয়ার প্রয়োজন ছিল সরকার তা নিতে ‘ব্যর্থতার পরিচয়’ দিয়েছে। যে তিনটি হাসপাতালকে ভাইরাসে আক্রান্ত রোগীদের রেখে চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মধ্যে একটি হচ্ছে কুর্মিটোলা হাসপাতাল। ওই হাসপাতাল থেকে সাধারণ রোগীদের সরানো হয়নি। করোনাভাইরাস আর ডেঙ্গু তো এক জিনিস নয়। করোনাভাইরাস এত ছোঁয়াচে যে, অন্যান্য রোগী সেখানে আক্রান্ত হয়ে পড়বেন। ডাক্তার ও নার্সদের যে ট্রেনিং দেওয়া দরকার তা এখনো দেওয়া হয়নি।

যত দ্রুত সম্ভব আক্রান্ত রোগী ও সম্ভাব্য আক্রান্তদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, একই সঙ্গে ভাইরাসের প্রকোপ যাতে না বাড়ে সেজন্য সতর্কতা ও প্রতিরোধমূলক যাবতীয় ব্যবস্থা নিশ্চিত করা হোক। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে সরকার ব্যর্থ হলে জনগণ কখনো ক্ষমা করবে না। কারণ জনগণ ১৯৭৪ সালের মতো আরেকবার গণমৃত্যুর শিকার হতে চায় না।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ^র চন্দ্র রায়, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টাম-লীর সদস্য আমান উল্লাহ আমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।