করোনা নিয়ে আইইডিসিআরের সংবাদ সম্মেলন

‘এক হেলমেট একাধিক যাত্রীর ব্যবহারে উদ্বেগ’

করোনাভাইরাসের সংক্রমণ বিষয়ে ভাড়ায় চালিত মোটরসাইকেলে একই হেলমেট একাধিক যাত্রী ব্যবহার করায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। গতকাল মঙ্গলবার কভিড-১৯ নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘গণপরিবহনে চলাচল বিষয়ে আমরা আগেই শঙ্কার কথা জানিয়েছি। ভাড়ায় চালিত মোটরসাইকেলে একই হেলমেট একাধিক ব্যক্তির ব্যবহার নিয়েও আমরা উদ্বিগ্ন। তবে আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই বাংলাদেশের পরিস্থিতি এতটা খারাপ হয়নি যে, সবাইকে শঙ্কিত হতে হবে। যে তিনজন রোগী আছেন তাদের সংস্পর্শে আসা ব্যক্তিরা নজরদারিতে রয়েছেন। তাদের নমুনা পরীক্ষা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আজ (গতকাল) পর্যন্ত বাংলাদেশসহ ১০৫টি দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছে আলবেনিয়া ও প্যারাগুয়ে। বিশ্বে ১ লাখ ৯ হাজার ৫৭৭ জন আক্রান্ত হলেও এখন পর্যন্ত ৫৫ হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।’

সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীরও উপস্থিত ছিলেন।