করোনা নিয়ে ৩০ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর বৈঠক

দুদিনের মধ্যে যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তার আশ্বাস

বাংলাদেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবিলায় ঢাকায় ৩০টি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে জরুরি বৈঠক করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রীর বনানীর বাসভবনে এ বৈঠক হয়। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, ইতালি, ইরান, ভারতসহ মোট  ৩০ দেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদও বৈঠকে ছিলেন।

বৈঠক শেষে রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক করোনাভাইরাসের ফলে বর্তমান সময়ে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে স্বাগত বক্তব্য দেন এবং করোনাভাইরাসের ফলে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ও পারস্পরিক সম্পর্ক বজায় রেখে এই ভাইরাস মোকাবিলায় একযোগে কাজ করার কথা তুলে ধরেন।

যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার করোনাভাইরাসে তার দেশের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন এবং বাংলাদেশসহ অন্যান্য দেশের সঙ্গে পারস্পরিক যোগাযোগ ব্যবস্থা প্রসঙ্গে আলোচনা করেন। তিনি বাংলাদেশ সরকারকে করোনাভাইরাস মোকাবেলায় আগামী দুই দিনের মধ্যে আর্থিক সহায়তা প্রদানেরও আশ্বাস দেন।

চীন, ইরান, দক্ষিণ কোরিয়া, ইতালিসহ আক্রান্ত অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের ভিসা আদান-প্রদানে পরবর্তী করণীয় বিষয়ে রাষ্ট্রদূতরা স্বাস্থ্যমন্ত্রীকে তাদের অভিমত ব্যক্ত করেন। স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রদূতদের সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন। বিদেশি কূটনীতিক ও আগন্তুকদের সঙ্গে করোনাভাইরাস নিয়ে কোথায় কীভাবে যোগাযোগ করতে হবে সে বিষয়েও মন্ত্রিসভায় দিকনির্দেশনা দেন।

সভায় উপস্থিত সব রাষ্ট্রদূত সন্তুষ্টি প্রকাশ করেন ও একে অপরের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্কের ব্যাপারে একমত পোষণ করেন।