দুদকের মামলায় নাজমুল হুদার স্ত্রী ও ২ মেয়ের জামিন

প্রায় পৌনে সাত কোটি টাকা পাচারের অভিযোগে দায়ের মামলায় সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদা ও তার দুই মেয়ে অন্তরা সেলিমা হুদা ও শ্রাবন্তী আমিনা হুদার জামিন মঞ্জুর করেছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। বিচারক শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রতিবেদন দাখিল না করায় আদালত প্রতিবেদন দাখিলের জন্য ২২ এপ্রিল দিন ধার্য করে।

গত ৯ জানুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয় সংস্থার সহকারী পরিচালক মোহাম্মদ শফিউল্লাহ তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেন। সিগমা হুদাকে দুই মামলায় আসামি করা হয়েছে। তার মেয়ে অন্তরা সেলিমা হুদা ও শ্রাবন্তী আমিনা হুদাকে একটি করে মামলায় আসামি করা হয়। এক মামলার এজাহারে বলা হয়, সিগমা হুদা ও শ্রাবন্তী আমিনা হুদা অবৈধভাবে ২ কোটি ৬৭ লাখ টাকা সমমানের ২ লাখ ৫০ হাজার পাউন্ড যুক্তরাজ্যে পাচার করেছেন। ওই টাকা দিয়ে যুক্তরাজ্যের সারে কাউন্টির ডেনহাম রোডে একটি ফ্ল্যাট কিনেছেন তারা। অপর মামলার এজাহারে বলা হয়, সিগমা হুদা ও অন্তরা সেলিমা হুদা ৪ কোটি ৬ লাখ টাকা সমমানের ৩ লাখ ৮০ হাজার পাউন্ড যুক্তরাজ্যে পাচার করেছেন। ওই টাকা দিয়ে লন্ডনের বারউড প্লেসে ফ্ল্যাট কিনেছেন তারা। দুদকের অনুসন্ধানে দেখা গেছে, ২০০৭ সালে নাজমুল হুদা সম্পদ বিবরণীতে তার ওপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদ বিবরণীতে ফ্ল্যাট ক্রয়ের তথ্য গোপন করেছেন। তাই তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা হয়।