‘ন্যায়না কোহলি’র সঙ্গে বিশ্বকে পরিচয় করিয়ে দিলেন ‘আংরেজি মিডিয়াম’-এর নির্মাতা। কে এই ন্যায়না কোহলি? তিনি লন্ডন পুলিশের জবরদস্ত কর্মকর্তা। হোমি আদজানিয়ার পরিচালনায় আগামীকাল মুক্তি পেতে যাওয়া ‘আংরেজি মিডিয়াম’-এ কারিনাকে দেখা যাবে ন্যায়নার ভূমিকায়। ছবির নির্মাতা সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছেন। তা দেখে রোমাঞ্চিত কারিনা ভক্তকুল। কারিনা এখানে নেই লাস্যময়ী চরিত্রে। একেবারে খালি হাতে গু-াদের শায়েস্তা করেন। গুণ্ডাদের গাড়িতে মাথা ঠুকে দিতেও বিন্দুমাত্র চিন্তা করেন না। মাটিতে লুটিয়ে পড়ে কাতরায় তারা। এরই মধ্যে কারিনার সঙ্গে দেখা হয় ইরফান খান ও দীপক ডব্রিয়েলের। ইরফানের মেয়ে রাধিকা মাদানের ভর্তির জন্য লন্ডন উড়ে গেছেন তারা দুই ভাই। কারিনা তাদের নাম জিজ্ঞেস করেন। এমন আঁতকা প্রশ্নে তারা নব্বই দশকের ক্রিকেটারদের নাম ধুপধাপ বলতে থাকেন। জ্যাক ক্যালিস, আবদুল রাজ্জাক...নাম শুনে কারিনা তাজ্জব। এরপর কারিনা একসময় জানতে পারেন ‘আবদুল’র একটি মেয়ে আছে। এদিকে ইরফানের মেয়ে রাধিকা মনে করে কারিনা তার বাবা ইরফান খানের গার্লফ্রেন্ড। আর তাকে বিয়ের পরিকল্পনা করছেন ইরফান। এটা ভেবে খেপে ওঠেন রাধিকা।
‘আংরেজি মিডিয়াম’ ছবির ট্রেলার, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও-সবকিছুতে কারিনার রুদ্রমূর্তি দেখে ভক্তরা ভীষণ রোমাঞ্চিত। প্রথমবার পুলিশের পোশাকে কারিনাকে দেখে ভক্তরা ইউটিউবে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘কারিনা আবারও প্রমাণ করলেন তিনিই বলিউডের রানী।’ আরেক মন্তব্যে লেখা হয়েছে, ‘কারিনার অভিনয়, তার লুকÑ সবকিছুই এত অসাধারণ। আমি আশা করি, এই ফ্র্যাঞ্চাইজির পরের পর্বে তাকে কেন্দ্রীয় চরিত্রে দেখতে পাব।’ এই ছবিতে কারিনা কাপুর খানের চরিত্রটি ছোট। ছবিটিতে মূলত বাবা-মেয়ের সম্পর্কের ওপরে জোর দেওয়া হয়েছে।