পুঁজিবাজারে বিনিয়োগের মাধ্যমে তারল্য সংকট দূর করতে ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করেছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক লিমিটেড। গত মঙ্গলবার ব্যাংকের পর্ষদ সভায় এ বিষয়ে অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক থেকে রেপোর মাধ্যমে এ বিশেষ তহবিল গঠন করেছে সরকারি এ ব্যাংকটি।
জনতা ব্যাংক কর্তৃপক্ষ জানায়, দেশের চলমান পরিস্থিতিতে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আশ^স্ত করতে সরকার ও বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারিকৃত সার্কুলারের আলোকে এ বিশেষ তহবিল গঠন করা হয়েছে। এ তহবিল থেকে বিনিয়োগের ফলে তারল্য বৃদ্ধিসহ পুঁজিবাজারের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে গত ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক এক সার্কুলার জারি করে। ওই সার্কুলারে পুঁজিবাজার চাঙ্গা করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় ব্যাংকগুলোকে বিশেষ তারল্য সুবিধা দেওয়ার ঘোষণা দেওয়া হয়।