কর্মকর্তাসহ ১১ হাজার ঠিকাদার প্রশিক্ষণ পাবেন

পাঁচটি ক্যাটাগরিতে সরকারি নীতিনির্ধারণী পর্যায়ের কর্মকর্তাসহ মোট ১১ হাজার নিবন্ধিত ঠিকাদারকে সরকারি ক্রয়ে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) সিস্টেমের ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এতে ইজিপি বিষয়ে সংশ্লিষ্ট সবার দক্ষতা বাড়বে। গতকাল বুধবার সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ) দোহাটেক নিউ মিডিয়া নামে এক প্রতিষ্ঠানের সঙ্গে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে। শেরেবাংলা নগরের পরিকল্পনা মন্ত্রণালয় চত্বরে সিপিটিইউ কনফারেন্স কক্ষে চুক্তি স্বাক্ষর উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চুক্তিতে সিপিটিইউর মহাপরিচালক মো. শোহেলের রহমান চৌধুরী এবং দোহাটেক নিউ মিডিয়ার চেয়ারপারসন লুনা শামসুদ্দোহা নিজ নিজ পক্ষে ই-জিপি প্রশিক্ষণ চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে সিপিটিইউ কর্র্তৃক বাস্তবায়নাধীন ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রজেক্টের (ডিমেপ) অধীনে শিগগিরই প্রশিক্ষণ দেওয়া শুরু হবে।  অনুষ্ঠানে জানানো হয়, নিবন্ধিত দরদাতারা সিপিটিইউর মাধ্যমে ঢাকায় দোহাটেকের পাঁচটি ভেন্যুতে প্রশিক্ষণে অংশ নেবেন। অন্যান্য ক্যাটাগরির প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে সিপিটিইউ ভবনে সিপিটিইউর নিজস্ব ই-জিপি প্রশিক্ষণ ল্যাবে। এই চুক্তির আওতায় ই-জিপিতে নিবন্ধিত দরদাতা, ক্রয়কারী সংস্থা, নিবন্ধিত ব্যাংকগুলোর ই-জিপি সংশ্লিষ্ট কর্মকর্তা, সরকারি নীতিনির্ধারণী পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন। ২৮ মাস মেয়াদি এই চুক্তির আওতায় পাঁচটি ক্যাটাগরিতে মোট ১১ হাজারজনকে বিভিন্ন বিষয় ও মেয়াদে প্রশিক্ষণ দেওয়া হবে।