আয়োডিনের ভালো উৎস সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছের রেসিপি দিয়েছেন জেসমিন আখতার জেসি
গ্রিল টুনা
উপকরণ
টুনা মাছ ৪ পিস, রসুন বাটা ১ টেবিল, আদা বাটা আধা টেবিল চামচ, লবণ সিকি চা চামচ, সয়াসস ১ চা চামচ, ফিশ সস ২ টেবিল চামচ, গোল মরিচের গুঁড়ো ১ চা চামচ, মরিচের গুঁড়ো ১ চা চামচ, টেস্টিং সল্ট ১ চা চামচ, লেবুর রস ১ চা চামচ, তেল সিকি কাপ।
যেভাবে তৈরি করবেন
১. মাছের টুকরো গুলো ভালো করে পরিস্কার করে নিন।
২. এবার পরিষ্কার করা মাছের সঙ্গে সব উপকরণ একে একে মাখিয়ে নিন। দুই থেকে তিন ঘণ্টা ফ্রিজে রেখে দিন।
৩. গ্রিলস্ট্যান্ডে সামান্য তেল মাখিয়ে মাছ বিছিয়ে নিন।
৪. এবার চুলায় দিয়ে এপিঠ-ওপিঠ করে লালচে ভেজে নামিয়ে গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন।
ইলিশ
কাবাব
উপকরণ
ইলিশ মাছ ৫০০ গ্রাম, হলুদের গুঁড়ো আধা চা চামচ, সিরকা ১ টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা ৩ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ, ফেটানো ডিম ১টি, কর্নফ্লাওয়ার ১ চা চামচ, লেবুর রস ১ চা চামচ, লবণ ১ চা চামচ, তেল ২ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন
১. হলুদের গুঁড়ো, সিরকা আর লবণ দিয়ে ইলিশ সেদ্ধ করে কাঁটা ছাড়িয়ে নিন।
২. এবার পেঁয়াজ বেরেস্তা, কাঁচা মরিচ কুচি, ধনেপাতা কুচি, লেবুর রস, ফেটানো ডিম আর প্রয়োজনমতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে আধা ঘণ্টা ফ্রিজে রাখুন।
৩. ফ্রিজ থেকে বের করে কাবাবের আকার তৈরি করে গরম তেলে ভাজুন। বাদামি হলে নামিয়ে গরম-গরম পরিবেশন করুন।
৪. চাইলে ফেটানো ডিমে ডুবিয়ে তারপর ব্রেডক্রামে গড়িয়েও ভাজতে পারেন। পেঁয়াজ বেরেস্তার বদলে মিহি করে কুচি কুচি পেঁয়াজ ব্যবহার করা যেতে পারে।
লইট্টা ফ্রাই
উপকরণ
লইট্টা মাছ এক কেজি, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধ চা চামচ, লবণ ১ চা চামচ, হলুদের গুঁড়ো আধা চা চামচ, মরিচের গুঁড়ো ১ চা চামচ, কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ, বেকিং পাউডার আধা চা চামচ, গোল মরিচের গুঁড়ো আধা চা চামচ, সয়াসস এক টেবিল চামচ, লেবুর রস ১ চা চামচ, ময়দা ২ কাপ, তেল ১ কাপ।
যেভাবে তৈরি করবেন
১. লইট্টা মাছ অর্ধেকটা করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন। কিচেন টিস্যু দিয়ে চেপে নিন, যাতে বাড়তি পানি না থাকে। মাছ ছোট হলে গোটা রাখতে পারেন, বড় হলে ২ টুকরা করে নিন। এতে করে ভাজতে সুবিধা হবে।
২. এরপর তেল বাদে সব উপকরণ দিয়ে মাখিয়ে এক ঘণ্টা রেখে দিন।
৩. মাছ ময়দার মিশ্রণ লাগিয়ে তেলে বাদামি করে ভেজে তুলে গরম-গরম পরিবেশন করুন।
টুনা ফিশ বল
উপকরণ
ক্যানড টুনা ১ টিন, ডিম ১টা, আলু ১টা, পেঁয়াজ ২টা, কাঁচা মরিচ ২টা, আদা কুচানো ১ চামচ, রসুন কুচানো ১ চামচ, হলুদের গুঁড়ো সিকি চামচ, গরম মসলা ১ চা চামচ, লবণ আধা চা চামচ, ব্রেডক্রাম আধা কাপ।
যেভাবে তৈরি করবেন
১.আলু সেদ্ধ করে একটু লবণ দিয়ে আলাদা করে মেখে রাখুন।
২. কৌটা থেকে টুনা মাছ বের করে অতিরিক্ত তেল বা পানি ঝরিয়ে নিন।
৩. পেঁয়াজ, কাঁচা মরিচ, আদা-রসুন কুচিয়ে রাখুন।
৪. কড়াইতে তেল গরম করে পেঁয়াজ, কাঁচা মরিচ, আদা-রসুন কুচি হালকা লালচে করে ভাজুন। ভাজা হলে এতে হলুদ, ধনেগুঁড়ো ও লবণ দিয়ে নেড়েচেড়ে আলুমাখা আর টুনা মাছ দিয়ে ভালো করে কষান।
৫. মিশ্রণটি শুকনো হয়ে এলে গরম মসলা ছড়িয়ে দিন।
৬. চুলা থেকে নমিয়ে ঠাণ্ডা হলে হাত দিয়ে বলের মতো করে গড়িয়ে ফেটানো ডিমে ভিজিয়ে ব্রেডক্রাম মাখিয়ে লালচে করে ভেজে নিয়ে গরম-গরম পরিবেশন করুন সসের সঙ্গে।