অসুস্থতার কারণে দলে ছিলেন না অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় কিলিয়ান এমবাপে। সেই অভাব পূরণ করলেন নেইমার। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের নৈপুণ্যে শেষ ষোলোর বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার-ফাইনালে উঠল পিএসজি।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্যারিসের পাক দে পাসে দর্শকশূন্য ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে ম্যাচটি। তাতে ২-০ গোলে জয় পায় পিএসজি। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার-ফাইনালে উঠল প্যারিসের ক্লবটি।
ফিরতি লেগে আলো কেড়েছেন নেইমার। ২৮তম মিনিটে দলকে এগিয়ে নেন বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। অ্যাঞ্জেল ডি মারিয়ার ক্রস থেকে বল পেয়ে খুব কাছ থেকে হেডে গোলটি করেন নেইমার।
প্রথমার্ধের যোগ করা যোগ করা সময়ে লিগ ওয়ান চ্যাম্পিয়নদের দ্বিতীয় গোলটি এনে দেন ডিফেন্ডার হুয়ান বের্নাত। সতীর্থ পাবলো সারাবিয়ার কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে গোলটি করেন স্প্যানিশ এই লেফট-ব্যাক। দ্বিতীয়ার্ধের শেষ দিকে অতিথি দল দশজনে পরিণত হলেও আর কোনো গোল হয়নি।
এদিন শেষ ষোলোর ফিরতি লেগের অপর লড়াইয়ে স্বাগতিক লিভারপুলকে ৩-২ গোলে হারিয়ে দুই লেগে মিলিয়ে ৪-২ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার-ফাইনালে উঠেছে আতলেতিকো মাদ্রিদ।