যশোরে টিভি চ্যানেলের স্টিকারযুক্ত গাড়িতে মাদক পরিবহন

বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের স্টিকারযুক্ত প্রাইভেটকার থেকে বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশি মদসহ দুজনকে আটক করেছে যশোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে যশোর শহরের ঘোপ জেল রোড থেকে প্রাইভেটকারটিসহ অলিউল্লাহ ও শান্ত নামে দুজনকে আটক করা হয়।

মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর ক সার্কেলের পরিদর্শক হেলাল উদ্দিন ভুইয়া বলেন, গোপন সংবাদে জানা যায় ঢাকার দুজন মাদক কারবারি প্রাইভেটকারে একটি টেলিভিশন চ্যানেলের স্টিকার লাগিয়ে মাদকদ্রব্যের চালান নিয়ে যশোর শহরে আসছে। দুপুরে তাদের গাড়িটি জেলরোডে পৌঁছালে সেটি তল্লাশি করে ২৫টি কেসে ৬শ ক্যান বিয়ার ও ১০টি কেসে ১২০ বোতল বিদেশি মদ পাওয়া যায়। একইসঙ্গে অলিউল্লাহ ও শান্ত নামে দুজনকে আটক করা হয়।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, গ্রেপ্তার এড়াতে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ মিডিয়ার ভুয়া স্টিকার গাড়িতে লাগিয়ে মাদক চোরাচালান করে থাকে।