গ্রীনডেল্টা ও ডিবিএইচ প্রথম মিউচুয়াল ফান্ড

এলআর গ্লোবালকে অপসারণের সিদ্ধান্ত বহাল

মেয়াদি দুই মিউচুয়াল ফান্ড থেকে এলআর গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে অপসারণের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের আদেশে চেম্বার বিচারপতির দেওয়া স্থগিতাদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। গতকাল বৃহস্পতিবার শুনানি শেষে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ চেম্বার বিচারপতির স্থগিতাদেশ বহাল রেখে এলআর গ্লোবালের মামলা হাইকোর্টে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে। এ আদেশের ফলে গ্রীনডেল্টা ও ডিবিএইচ প্রথম মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে এলআর গ্লোবালকে অপসারণে কোনো বাধা নেই।

গত বছর ২৩ ডিসেম্বর গ্রীনডেল্টা ও ডিবিএইচ প্রথম মিউচুয়াল ফান্ডের দুই-তৃতীয়াংশের বেশি ইউনিটধারীর লিখিত মতামত ও ট্রাস্টির আবেদনের পরিপ্রেক্ষিতে সম্পদ ব্যবস্থাপকের পদ থেকে এলআর গ্লোবালকে অপসারণ এবং নতুন ব্যবস্থাপক হিসেবে আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের নিয়োগে অনুমোদন দেয় এসইসি। এসইসির এ সিদ্ধান্ত পুনঃপর্যালোচনার আবেদন জানায় এলআর গ্লোবাল। এ আবেদনের শুনানি শেষে এলআর গ্লোবালের আবেদন খারিজ করে গত ৫ ফেব্রুয়ারি চিঠি দেয় এসইসি। এসইসির এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন জানালে গত ১১ ফেব্রুয়ারি আদালত তাতে ছয় মাসের স্থগিতাদেশ দেয়। একই সঙ্গে এসইসির সিদ্ধান্তকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এবং আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড ও অন্যান্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা আপিল করলে গত ১০ মার্চ চেম্বার বিচারপতি হাইকোর্টের আদেশ পরবর্তী দুদিন  পর্যন্ত স্থগিতাদেশ দেন। গতকাল সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ চেম্বার বিচারপতির দেওয়া স্থগিতাদেশ বহাল রাখে।

প্রসঙ্গত, ২০১৯ সালের আগস্টে এল গ্লোবাল পরিচালিত বিভিন্ন মিউচুয়াল ফান্ডের মেয়াদ বাড়িয়ে ২০৩০ সাল পর্যন্ত উন্নীত করা হয়। ফান্ড ব্যবস্থাপনায় অদক্ষতার অভিযোগে গত ২৮ সেপ্টেম্বর ডিবিএইচ প্রথম ও গ্রীনডেল্টা মিউচুয়াল ফান্ডের উদ্যোক্তাসহ দুই-তৃতীয়াংশের বেশি ইউনিটধারী সম্পদ ব্যবস্থাপক পরিবর্তনের চিঠি দেয় ট্রাস্টি বিজিআইসিকে। ট্রাস্টি প্রক্রিয়া শুরুর করার মধ্যেই গ্রীনডেল্টা ও ডিবিএইচ মিউচুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপক পরিবর্তন কিংবা অপসারণের বিরুদ্ধে নিম্ন আদালতে মামলা করে এলআর গ্লোবাল।

নিম্ন আদালত এ মামলায় কারণ দর্শানোর নোটিস দিলেও সম্পদ ব্যবস্থাপক পরিবর্তনে কোনো অন্তর্বর্তী আদেশ কিংবা স্থগিতাদেশ দেয়নি। বিষয়টি নিয়ে এলআর গ্লোবাল আপিল করলে সম্পদ ব্যবস্থাপক পরিবর্তনে ২০২০ সালের ৮ জানুয়ারি পর্যন্ত স্থিতাবস্থার আদেশ দেয় উচ্চ আদালতে। এ আদেশের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ দেয়, যা ৮ ডিসেম্বর আপিল বিভাগ বহাল রাখে।  ওই দুই ফান্ডের সব ধরনের লেনদেন ও বিভিন্ন সিকিউরিটিজে বিনিয়োগ বন্ধ করার জন্য এলআর গ্লোবালকে নির্দেশ দেয় ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি)। পরবর্তী সময়ে সম্পদ ব্যবস্থাপক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য এসইসিতে আবেদন জানায় এলআর গ্লোবাল, যা শুনানি শেষে খারিজ করে দেয় এসইসি।