গুঞ্জন ছিল বেশ ক’দিন ধরেই। করোনা ভাইরাসের জেরে দেশের-বিদেশে অনেক খেলাই স্থগিত ও বাতিল হতে শুরু করলে প্রশ্ন ওঠে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস নিয়েও। ১ থেকে ১০ এপ্রিল ঢাকায় বসার কথা ছিল দেশের সর্ববৃহৎ ক্রীড়াযজ্ঞ। গতকাল জরুরি সংবাদ সম্মেলন ডেকে সেটি আপতত স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।
সিদ্ধান্তের আগে বিওএ সভাপতি এবং মহাসচিব সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী এবং আসরের প্রধান উপদেষ্টা শেখ হাসিনার সঙ্গে। বাংলাদেশেও করোনা ভাইরাসের আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় এর মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতা দিবসের অনেক অনুষ্ঠান স্থগিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশের মানুষের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনায় জনসমাবেশ করা ও এড়িয়ে চলার পরামর্শ এসেছে সরকারের উচ্চপর্যায় থেকে। সরকার সর্বোচ্চ সতর্কতা নিয়ে চেষ্টা করছে যাতে জীবনহানিকর ভাইরাসটি ব্যাপকহারে দেশে ছড়িয়ে পড়তে না পারে। সে ভাবনা থেকেই প্রধানমন্ত্রীর পরামর্শ চান বিওএ’র কর্তারা। সব শুনে প্রধানমন্ত্রী পুরোপুরি বাতিল না করে কিছুদিনের জন্য স্থগিতের পরামর্শ দেন, যাতে অংশ নিতে যাওয়া ক্রীড়াবিদদের কোনো ক্ষতি না হয়। সংবাদ সম্মেলনে সেই কথাগুলোই জানান বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। বিওএ সহ-সভাপতি এবং স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুন যোগ করেন, ‘বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড়দের মধ্যেও করোনাভাইরাস নিয়ে একটি শঙ্কা দেখা দিয়েছে। তারা বলেছে, এ অবস্থায় তারা খেলার ওপর শতভাগ মনঃসংযোগ দিতে পারছেন না।’
বাংলাদেশ গেমসে ৩১টি ডিসিপ্লিনের প্রায় ২০টি ভেন্যুতে ১২ হাজারের অধিক ক্রীড়াবিদের অংশ নেওয়ার কথা ছিল। এর আগে একই কারণে ফুটবল বিশ্বকাপের বাছাইপর্ব, মুজিববর্ষ উদযাপনে আন্তর্জাতিক প্রীতি ক্রিকেট ম্যাচ, গলফ, সাইক্লিং, বাস্কেটবলের আন্তর্জাতিক আসর বাতিল করা হয়েছে।