করোনা শঙ্কায় সেলফ আইসোলেশনে ট্রুডো

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সেলফ আইসোলেশনে রয়েছেন। দেশটির প্রধানমন্ত্রীর অফিসের বরাতে গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। কানাডায় এ পর্যন্ত ১০৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, গত বুধবার যুক্তরাজ্যে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার পর থেকে ট্রুডোর স্ত্রী সোফি গ্রেগরি-ট্রুডোকে কিছুটা অসুস্থ দেখা যায়। এরপর তার করোনাভাইরাসের পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। পরীক্ষার প্রতিবেদন না আসা পর্যন্ত ট্রুডো ও তার স্ত্রী বাসায় অবস্থান করছেন। তবে ট্রুডোর শরীরে অসুস্থতার কোনো লক্ষণ দেখা যায়নি। কানাডার প্রধানমন্ত্রীর অফিসের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, কোনো শঙ্কা না থাকলেও জাস্টিন ট্রুডোকে চিকিৎসকের পরামর্শে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তিনি বাসায় থেকেই প্রতিদিনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

এদিকে দু’দিন পর অটোয়ায় প্রধানমন্ত্রী ট্রুডোর সঙ্গে প্রাদেশিক নেতাদের হতে যাওয়া বৈঠক স্থগিত করা হয়েছে। তবে তাদের সঙ্গে ফোনে কথা বলবেন তিনি। এ ছাড়া অন্য নেতাদের সঙ্গে ব্রিফিং, মিটিং এবং বিশ্বনেতাদের সঙ্গে হতে যাওয়া কভিড-১৯ কেবিনেট আলোচনাতেও বাসায় থেকে ভার্চুয়ালভাবে অংশ নেবেন তিনি।