কক্সবাজারের টেকনাফে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। র্যাাবের ভাষ্য, গত বুধবার রাত ১টার দিকে উপজেলার শাপলাপুর মেরিন ড্রাইভ সড়কে এ ঘটনা ঘটে। নিহত দুজন রোহিঙ্গা ক্যাম্পের ত্রাস কুখ্যাত ডাকাত জকিরের সহযোগী ছিলেন। নিহতরা হলেন টেকনাফ উপজেলার লেদা রোহিঙ্গা ক্যাম্পের নুর আহমদের ছেলে নুর কামাল ওরফে ডাকাত সোনায়া (৩২) এবং মৌচনি ক্যাম্পের আবদুস শুক্কুরের ছেলে সাইফুল ইসলাম ওরফে ডিবি সাইফুল (৩৪)।
র্যাব কক্সবাজার-১৫ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহাতাব জানান, শামলাপুর মেরিন ড্রাইভ সড়কের সমুদ্রসৈকত এলাকায় রোহিঙ্গা ডাকাতরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলÑ এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে র্যাব অভিযান চালায়। তখন ডাকাতরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ কামাল ও সাইফুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি বন্দুক, ছয়টি গুলি, পাঁচ রাউন্ড কার্তুজ, দুটি আইডি কার্ড এবং ৪০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
বন্দুকযুদ্ধে র্যাবের তিন সদস্য আহত হয়েছেন জানিয়ে শাহেদ মাহাতাব বলেন, নিহত কামাল ও সাইফুলের কাছে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। তারা সাত বছর আগে মিয়ানমার থেকে পালিয়ে এসে এখানে আশ্রয় নেন বলেও জানান এ র্যাব কর্মকর্তা।