করোনাভাইরাস

কোয়ারেন্টাইনের শর্ত না মানলে জেল, জরিমানা

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে কোয়ারেন্টাইনের শর্ত না মানলে ৩ মাসের জেল এবং ৫০ হাজার টাকা জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার অধিদপ্তর থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস বা কোভিড-১৯ এর জন্য ‘সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন-২০১৮’-এর প্রয়োজন হতে পারে।

বিজ্ঞপ্তিতে ওই আইনের বেশ কয়েকটি ধারা তুলে ধরে সংস্থাটি বলেছে, এই ধারাগুলো না মানলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এতে বলা হয়েছে, বিদেশ থেকে আসা কিছু প্রবাসী বা তাদের সংস্পর্শে আসা ব্যক্তিরা কোয়ারেন্টাইনের শর্ত সঠিকভাবে মানছেন না, অনেকেই মিথ্যা ও গুজব রটিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। স্বাস্থ্য অধিদপ্তর তাদের সবাইকে আইন অনুযায়ী এবং সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮-এর শর্ত পালন করতে অনুরোধ করছে, এর ব্যত্যয় হলে শাস্তিমূলক ধারা প্রয়োগ করা হবে। যদি কেউ সংক্রামক রোগ সম্পর্কে মিথ্যা বা ভুল তথ্য দেয়, তাহলে সেটি অপরাধ হিসেবে গণ্য করা হয়। আর তার জন্য দুই মাস কারাদণ্ড, বা ২৫ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। এই আইনের অধীনে কোনো অপরাধের জন্য ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হবে। সংশ্লিষ্ট শাস্তিমূলক ধারা প্রয়োগ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সংক্রামক রোগের বিস্তার রোধে উড়োজাহাজ, জাহাজ, জলযান, বাস, ট্রেন ও অন্যান্য যানবাহন দেশে আগমন, নির্গমন বা দেশের অভ্যন্তরে এক স্থান থেকে অন্য স্থানে চলাচল নিষিদ্ধ করা যাবে।