স্পেনে করোনাভাইরাসে আক্রান্ত ৮ বাংলাদেশি

স্পেনের রাজধানী মাদ্রিদে ৮ বাংলাদেশি করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে তিনজন সিলেটের, ঢাকার এক দম্পতি ও যশোরের একজন। অন্যদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঢাকার ওই দম্পতির অবস্থা আশঙ্কাজনক।

এদিকে স্পেনে করোনাভাইরাসে মৃত্যু ১০০ ছাড়িয়ে যাওয়ায় আজ শনিবার থেকে জরুরি অবস্থা কার্যকরের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ১৫ দিন এ জরুরি অবস্থা জারি থাকবে।

মাদ্রিদে বাংলাদেশের উপরাষ্ট্রদূত হারুন আল রশিদ গতকাল গণমাধ্যমকে বলেন, ‘এখানকার বাংলাদেশি সম্প্রদায়ের নেতারা আট বাংলাদেশির করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নিচ্ছি।’

উপরাষ্ট্রদূত আরও জানান, কভিড-১৯ এর সংক্রমণের পরিপ্রেক্ষিতে দূতাবাস একটি হটলাইন চালু করেছে। কিন্তু এখন পর্যন্ত কোনো বাংলাদেশি কোনো তথ্য জানায়নি। স্পেনে এখন পর্যন্ত করোনাভাইরাসে ৮৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩ জন। এর মধ্যে ১৮৯ জন সুস্থ হয়েছেন। এর আগে সিঙ্গাপুরে পাঁচজন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হন। তাদের মধ্যে চারজন সুস্থ হলেও একজনের অবস্থা সংকটাপন্ন। আরব আমিরাত ও ইতালিতেও দুই বাংলাদেশির করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত একজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।