নারায়ণগঞ্জের আড়াইহাজারে সকালে হাঁটতে বের হয়ে সিএনজিচাপায় গোপালদী পৌরসভার কাউন্সিলর জয়নাল আবেদিন (৫০) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে জালাকান্দি গোরস্তান এলাকায় এ ঘটনা ঘটে। তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দুইবারের নির্বাচিত কাউন্সিলর ছিলেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নলপাথর এলাকায় ট্রাকচাপায় নিহত হন ঢাকা জেলার পুলিশের বিশেষ শাখার (এসবি) উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক (৩৭)। গতকাল শুক্রবার সন্ধ্যায় নিজ কর্মস্থল থেকে পূর্বাচল ৩শ’ ফুট দিয়ে মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন। সন্ধ্যা ৬টার দিকে রূপগঞ্জ উপজেলার নলপাথর এলাকায় দুর্ঘটনায় নিহত হন তিনি। ফজলুল হক কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার হোসেনপুর এলাকার আবদুল হকের ছেলে।
এদিকে ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় সোহাগ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রাজধানীর বাংলামোটরে ট্রাকচাপায় ফুটপাতে ঘুমিয়ে থাকা অজ্ঞাতপরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। ময়মনসিংহের ভালুকা নতুন বাসস্ট্যান্ড এলাকায় ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রিকশাচালকসহ দুজন নিহত হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইছারমাথার (ট্রাক্টর) ধাক্কায় তানভীর (১৬) নামে এক মাদ্রাসাছাত্র এবং নলপাথর এলাকায় ট্রাকচাপায় ঢাকা জেলার পুলিশের বিশেষ শাখার (এসবি) উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক (৩৭) নিহত হয়েছেন। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় সড়ক দুর্ঘটনায় মাফিয়া আকতার নামে এক শিশু মারা গেছে। বিস্তারিত আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
নারায়ণগঞ্জে কাউন্সিলর নিহত : গতকাল সকালে হাঁটতে বের হলে দ্রুতগামী একটি সিএনজির চাপায় জয়নাল আবেদিন গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
জয়নালের ভাতিজা মোশারফ মাতাব্বর দেশ রূপান্তরকে বলেন, আহত হওয়ার সংবাদ শুনে তাকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাই। অবস্থা গুরুতর হওয়ায় ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রূপগঞ্জে পৃথক ঘটনায় এসআইসহ দুজন নিহত : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নলপাথর এলাকায় ট্রাকচাপায় নিহত হন ঢাকা জেলার পুলিশের বিশেষ শাখার (এসবি) উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক (৩৭)। গতকাল শুক্রবার সন্ধ্যায় নিজ কর্মস্থল থেকে পূর্বাচল ৩শ’ ফুট দিয়ে মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন। সন্ধ্যা ৬টার দিকে রূপগঞ্জ উপজেলার নলপাথর এলাকায় দুর্ঘটনায় নিহত হন তিনি। ফজলুল হক কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার হোসেনপুর এলাকার আবদুল হকের ছেলে।
রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, এসআই ফজলুল হক মোটরসাইকেল দিয়ে কর্মস্থল থেকে ঢাকা নিজ বাড়িতে যাচ্ছিলেন। নলপাথর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে একটি সিমেন্টবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮৩৯৩৩) তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসাপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও চালক পালিয়ে যায়।
অন্যদিকে রূপগঞ্জে ইছারমাথার (ট্রাক্টর) ধাক্কায় তানভীর (১৬) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে দাউদপুর ইউনিয়নের বীরহাটাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তানভীর দাউদপুর ইউনিয়নের নোয়াগাঁও এলাকার জামান মিয়ার ছেলে। নিহত তানভীর দেবই কাজিরবাগ মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান জানান, নিহত তানভীর তার নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বেলদী বাজারে যাচ্ছিলেন। এ সময় বীরহাটাব এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সড়কে চলাচল নিষিদ্ধ ইছারমাথা (ট্রাক্টর) মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় সোহাগ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে মহাসড়কের দেবীপুর এলাকায় একটি দ্রুতগামী বাস চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, নিহত সোহাগ সদর উপজেলার কালিদহ ইউনিয়নের মাইজ বাড়িয়া এলাকার উজির আলী ভূঁইয়া বাড়ির বাসিন্দা।
বাংলামোটরে ট্রাকচাপায় যুবক নিহত : রাজধানীর বাংলামোটরে ট্রাকচাপায় ফুটপাতে ঘুমিয়ে থাকা অজ্ঞাতপরিচয়ের (২৪) এক যুবক নিহত হয়েছেন। শাহবাগ থানার ওসি আবুল হাসান দেশ রূপান্তরকে বলেন, শুক্রবার ভোররাত ৪টার দিকে বাংলামোটর মোড়ে দুটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি ট্রাক ফুটপাতের ওপর উঠে যায়। ফুটপাতে ঘুমিয়ে থাকা ওই যুবক ট্রাকের নিচে চাপা পড়েন।
ভালুকায় ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুজন নিহত : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা নতুন বাসস্ট্যান্ড এলাকায় ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রিকশাচালকসহ দুজন নিহত হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টার সময় বাসস্ট্যান্ডের ইউ টার্নের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ঘটনার সময় উল্টো দিক থেকে একটি রিকশা যাওয়ার সময় বিপরীত দিক থেকে ঢাকাগামী একটি বালুভর্তি ড্রাম ট্রাক রিকশাটিকে চাপা দিলে চালক ও যাত্রীসহ রিকশটি ট্রাকের নিচে ঢুকে পড়ে। ভালুকা ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ড্রাম ট্রাকের নিচ থেকে দুজনের লাশ উদ্ধার করেন। ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়।
ঠাকুরগাঁওয়ে শিশু নিহত : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় সড়ক দুর্ঘটনায় মাফিয়া আকতার নামে এক শিশু প্রাণ হারিয়েছে। গতকাল সকালে ওই উপজেলার ভা-ারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মাফিয়া ভান্ডারা গ্রামের মিঠু হোসেনের মেয়ে।
পুলিশ জানায়, মাফিয়া আক্তার তার খালাতো বোনের বাইসাইকেলে করে দোকানে যাচ্ছিল। ভান্ডারা নামক স্থানে পেছন থেকে একটি ট্রলি এসে তাদের ধাক্কা দেয়। এতে সাইকেলের পেছনে থাকা মাফিয়া ছিটকে পড়ে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। রানীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।