ইতালি থেকে শনিবার বিকেলে বাংলাদেশ আসা ৫৯ জনকে গাজীপুর মহানগরীর মেঘডুবিতে একটি হাসপাতালে নেয়া হচ্ছে। এ জন্য হাসপাতালটিতে সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্তে এ পদক্ষেপ নেয়া হচ্ছে।
গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম জানান, শনিবার বিকেলে ইতালি থেকে ৫৯ জন বাংলাদেশে এসেছেন। এই ৫৯ জনকে আমরা আশকোনা হজ ক্যাম্পে না নিয়ে গাজীপুরে আনার কথা রয়েছে।
গাজীপুর মহানগরীর মেঘডুবিতে অবস্থিত ২০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এসব ইতালি ফেরত ব্যক্তিদের রাখা হবে। সেখানে তাদের পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তাদের শরীরে করোনা না পাওয়া গেলে এখান নিজ বাড়িতে যাওয়ার ব্যবস্থা করা হবে।
এদিকে শনিবার রাত ১১টা পর্যন্ত কোন ব্যক্তিকে সেখানে নেয়া হয়নি। তবে চিকিৎসক, পুলিশ ও প্রশাসনের লোকজন ওই মা ও শিশু কল্যাণ কেন্দ্রে অবস্থান করতে দেখা গেছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, মেঘডুবি ২০ শয্যার মা ও শিশু কেন্দ্র ছাড়াও পুবাইলের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলও (ম্যাটস) ও প্রস্তুত রাখা হয়েছে।