নারায়ণগঞ্জে ব্যবসায়ীর ওপর আওয়ামী লীগ নেতার হামলা

নারায়ণগঞ্জ নগরের ১৭ ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনিস উদ্দিনের বিরুদ্ধে এক লোহা ব্যবসায়ীকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সকাল ৮টার দিকে নগরের নিমতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী সাইদুল ইসলাম শামীম নগরের প্রাতর্ভ্রমণের সংগঠন ভোরের আকাশ-এর জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক। আর আনিস উদ্দিন সংগঠনটির কার্যনির্বাহী সদস্য।

এ ঘটনায় শামীম গত শুক্রবার আনিস উদ্দিন, দুলালসহ অজ্ঞাত আরও কয়েক জনের নামে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন।

মামলার এজাহার সূত্র ও আহত শামীমের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার তিনিসহ সংগঠনের কয়েকজন সদস্য প্রাতর্ভ্রমণ শেষে বাড়ি ফিরছিলেন। সাংগঠনিক আক্রোশের বশে এ সময় আনিস উদ্দিন ২০-২৫ জনকে নিয়ে পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়। এতে শামীমসহ কয়েকজন আহত হন। একপর্যায়ে হামলাকারীরা ইট দিয়ে শামীমের মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত জখম হন। তার মাথায় পাঁচটি সেলাই দিতে হয়েছে। আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

হামলার শিকার শামীম দেশ রূপান্তরকে বলেন, সংগঠনের বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকেই আনিস উদ্দিন কমিটির বেশ কয়েক জনের ওপর ক্ষুব্ধ। আতঙ্ক ছড়িয়ে জোরপূর্বক সংগঠনের সভাপতির পদ দখল করার হীন উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত আনিস উদ্দিন বলেন, সামান্য ঝামেলা হয়েছিল। তবে তার নেতৃত্বে হামলার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।  

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন দেশ রূপান্তরকে জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

জানতে চাইলে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা বলেন, দলের ভেতরে থেকে কেউ অপরাধ করলে ছাড় নেই। তবে ঘটনাটি আলাদা একটি সংগঠনের। তারপরও কেউ আমাদের কাছে অভিযোগ দিলে ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।