রাজধানীর বিমানবন্দর এলাকায় ১৪ বছরের এক কিশোরীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীর ভাষ্য, গত শুক্রবার গভীর রাতে কাউলার একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করা হয় তাকে। এ ঘটনায় গতকাল শনিবার ভোরে ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতালের ওসিসির সমন্বয়ক ডা. বিলকিস আক্তার দেশ রূপান্তরকে জানান, কিশোরীর ফরেনসিক পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট এলে ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। তবে প্রাথমিকভাবে তার শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে।
ধর্ষণের শিকার ওই কিশোরীর উদ্ধৃতি দিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা আরেক কিশোর দেশ রূপান্তরকে জানায়, তারা বিমানবন্দর রেলস্টেশনে থাকে। রাত আড়াইটার দিকে তিনজন কিশোরীটিকে ডেকে কাউলার একটি জঙ্গলে নিয়ে যায়। পরে সেখানে নিয়ে তাকে দল বেঁধে ধর্ষণ করে তারা। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ভোরে ওই কিশোরীকে হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। তাকে দল বেঁধে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
বিমানবন্দর থানার ওসি ফরমান আলী বলেন, ‘এ রকম একটি সংবাদ পেয়েছি। বিস্তারিত জানার জন্য পুলিশ মাঠে কাজ করছে।’ এর আগে গত ৫ জানুয়ারি রাতে রাজধানীর কুর্মিটোলা বাসস্ট্যান্ড এলাকায় বিমানবন্দর সড়ক দিয়ে হাঁটার সময় ধর্ষণের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। ওই সময় তাকেও জঙ্গলে নিয়ে ধর্ষণ করা হয়েছিল বলে ভুক্তভোগীর ভাষ্য।রূপান্তর ডেস্ক