ঝুঁকিমুক্ত হবে অস্থায়ী কেমিক্যাল গোডাউন : শিল্পমন্ত্রী

টঙ্গীর অস্থায়ী কেমিক্যাল গোডাউন ঝুঁকিমুক্ত ও পরিবেশবান্ধব হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, স্থানীয় ঘনবসতি বিবেচনা করে এই আধুনিক কেমিক্যাল গোডাউনে নিরাপত্তার সব ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে। গতকাল শনিবার গাজীপুরের টঙ্গীর কাঁঠালদিয়ায় নতুন অস্থায়ী কেমিক্যাল গোডাউন নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শিল্প সচিব মো. আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

অস্থায়ী কেমিক্যাল গোডাউন নির্মাণ প্রকল্প বাস্তবায়নে কেউ ক্ষতিগ্রস্ত বা গৃহহীন হবেন না বলে আশ্বস্ত করেন শিল্পমন্ত্রী। তিনি বলেন, টঙ্গীসহ দেশের যেখানে সুযোগ রয়েছে, সেখানে নতুন কারখানা স্থাপনের সঙ্গে শ্রমিকদের বাসস্থান, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার প্রকল্প হিসেবে নির্মাণাধীন পরিবেশবান্ধব কেমিক্যাল গোডাউনটি আগামী ডিসেম্বরের মধ্যেই নির্মিত হবে। গোডাউনে দুর্ঘটনার কোনো সম্ভাবনা নেই উল্লেখ করে তিনি আরও বলেন, অগ্নিনির্বাপণ সুবিধাসহ প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। শিল্প প্রতিমন্ত্রী প্রকল্প এলাকায় অস্থায়ীভাবে বসবাসকারীদের স্থায়ী ঠিকানায় যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী গৃহহীনদের ঘর নির্মাণ করে দেবেন।