পালপাড়া ডি এম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার বিকেল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানে এ সংবর্ধনা দেওয়া হয় বিদ্যালয়ের সাবেক কয়েকজন শিক্ষককে।
বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনের ক্রাইম রিপোর্টার এস এম ফয়েজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম।
প্রাক্তন ছাত্র আলহাজ মো. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আবদুর রব, বাবু শান্তি রঞ্জন পাল, কামাল উদ্দিন, মো. গোলাম রহমান, বাবু চির রঞ্জন পাল, বাবু সুনীল ঘোষ, বাবু শচী নন্দ নাথ, মো. আমির হোসেন, মো. শাহজাহান, গোলাম মোস্তফা খাঁন ও মাওলানা মো. আবদুর রশিদকে অকৃত্রিম সম্মাননা জানান বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার শফিকুর রিদোয়ান আরমান শাকিল, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল কাশেম চৌধুরী প্রমুখ।