টাঙ্গাইলের সখীপুরে বাল্যবিয়ের অপরাধে যাদবপুর ইউনিয়নের কাজী হেলাল উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা লিজা এ জরিমানার আদেশ দেন।
জানা যায়, গত ৯ মার্চ উপজেলার বোয়ালী গ্রামের সিরাজ মিয়ার ছেলে প্রবাসী রফিকুল ইসলামের সঙ্গে নবম শ্রেণির এক ছাত্রীর বিয়ে হয়। উপজেলার যাদবপুর ইউনিয়নের কাজী হেলাল উদ্দিনের রেজিস্ট্রি বই এনে তার সহকারী ও বোয়ালী ডিগ্রি কলেজের ইসলাম শিক্ষা বিষয়ের প্রভাষক নাসির উদ্দিন ওই বিয়ের রেজিস্ট্রি করেন। কাজী হেলাল যাদবপুর ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি।
প্রসঙ্গত, ওই বাল্যবিয়ের দায়ে গত ৯ মার্চ রাতে কাজীর সহকারী নাসির উদ্দিনকে এক বছর, বর রফিকুল ইসলাম, বরের বাবা সিরাজ মিয়া এবং চাচা আলম মিয়াকে ছয় মাস করে কারাদ- দেওয়া হয়। অন্যদিকে কনের মা, কনের দাদা, কনের বড় ভাই ও কনের খালাত ভাইকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। পরে ওই একই অপরাধে ১৪ মার্চ রাতে কাজী হেলাল উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ইউএনও আসমাউল হুসনা লিজা বিষয়টি নিশ্চিত করেছেন।