সংগঠনপরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে দিনাজপুরের পৌর যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক ও বিরামপুর উপজেলার পৌর যুব মহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকে বহিষ্কার করা হয়েছে।
গতকাল রবিবার যুব মহিলা লীগের দিনাজপুর জেলা শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় নেতাদের নির্দেশক্রমে সংগঠনের গঠনতন্ত্রের ২২ এর (ক) উপধারা মোতাবেক দিনাজপুর পৌর যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক বাবলী আক্তার পিংকিকে সংগঠন হতে বহিষ্কার করা হলো। একই ধরনের অভিযোগে বিরামপুর পৌর যুব মহিলা লীগের সভাপতি শারমিন আক্তার ও সাধারণ সম্পাদক উম্মে হাবিবাকে সংগঠন হতে বহিষ্কার করা হয়েছে।
দিনাজপুর যুব মহিলা লীগের সভাপতি ছবি সিনহা দেশ রূপান্তরকে বলেন, ‘আমাদের কাছে ওই তিনজনের বিষয়ে বিভিন্ন অভিযোগ আসে। বিষয়টি আমরা তাৎক্ষণিক যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেতাদের কাছে পাঠাই। কেন্দ্র থেকে আমাদের এ বিষয়ে পদক্ষেপ নিতে বললে আমরা তাদের বহিষ্কার করি।’