ইউরোপ থেকে আসা বিমানযাত্রীদের জন্য বন্ধ হচ্ছে বাংলাদেশের দরজা। নভেল করোনাভাইরাস সংক্রমণ রোধে সতর্কতা হিসেবে যুক্তরাজ্য বাদে ইউরোপের অন্য দেশগুলো থেকে আসা কোনো বাংলাদেশি হলেও তাদেরও গ্রহণ করা হবে না। আজ সোমবার দুপুর ১২টা থেকে কার্যকর হবে বিষয়টি।
গতকাল রবিবার বেসামরিক বিমান চলাচল কর্র্তৃপক্ষ (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান সংস্থাটির সদর দপ্তরে এক জরুরি সংবাদ সম্মেলনে জানান, এয়ারলাইন্সগুলো যদি ইউরোপের কোনো দেশের যাত্রী নিয়েও আসে, তাহলে তাদের নিজ খরচে আবার ওই যাত্রীকে ফেরত নিতে হবে। আজ দুপুর ১২টা থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্য যেকোনো দেশের যাত্রীদের জন্য বিষয়টি প্রযোজ্য হবে।
তিনি বলেন, এখানে ব্যবসা-বাণিজ্যের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়নি। সবার সুরক্ষার স্বার্থে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি সংশ্লিষ্ট দেশগুলোর সিভিল এভিয়েশন বিভাগকে জানিয়ে দেওয়া শুরু হয়েছে বলে জানান বেবিচক চেয়ারম্যান।
তবে বাংলাদেশের কোনো যাত্রী বিশ্বের যেকোনো দেশে যেতে চাইলে সেক্ষেত্রে বেবিচকের তরফ থেকে কোনো বাধা নেই বলেও জানান তিনি।
গত শনিবার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, রবিবার রাত ১২টার পর থেকে দুই সপ্তাহের জন্য যুক্তরাজ্য বাদে ইউরোপের দেশগুলো থেকে বাংলাদেশে ঢোকায় নিষেধাজ্ঞা কার্যকর হবে।
এদিকে বেবিচক চেয়ারম্যান সংবাদ সম্মেলনে জনান, করোনার প্রভাবে বিমানের ফ্লাইট সংখ্যা যাওয়ায় প্রতিদিন গড়ে ৩৭ লাখ টাকার রাজস্ব হারাতে হচ্ছে। গত ১৩ দিনে ৪০ কোটি টাকা রাজস্ব কম হয়েছে। তবে বাস্তবমুখী পদক্ষেপের ফলে করোনাভাইরাস থেকে বাংলাদেশকে রক্ষা করা সম্ভব হয়েছে। অন্য দেশের তুলনায় আমাদের দেশের অবস্থা অনেক ভালো।
বেবিচক চেয়ারম্যান বলেন, রবিবারও ইউরোপ থেকে ২৪২ যাত্রী এসেছে। তাদের আইসোলেশনে নেওয়া হয়েছে। স্বাস্থ্যগত পরীক্ষা ছাড়া কেউ আসার সুযোগই নেই। কেবিন ক্রুরা সব তথ্য নেন। সেটার ভিত্তিতে তাই ভাইরাস রোধ করতে পেরেছি।