গাজীপুরে কোয়ারেন্টাইনে থাকা ইতালিফেরতদের বিক্ষোভ

করোনাভাইরাস ছড়িয়ে পড়া ইতালি থেকে ফিরে আসা প্রবাসীরা কোয়ারেন্টাইনে রাখায় গাজীপুরের পুবাইলের ‘মেঘডুবি ২০ শয্যা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে’ বিক্ষোভ করেছেন। গতকাল রবিবার বিকেলে চিৎকার-চেঁচামেচি ও বিভিন্ন সেøাগান দেন তারা। একপর্যায়ে তারা কলাপসিবল গেটের তালা ভেঙে বাইরে বের হওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইতালিফেরত ৫৮ জনকে গত শনিবার রাতে ওই কেন্দ্রে রাখা হয়। তাদের মধ্যে গতকাল বিকেলে চারজনকে ঢাকায় পাঠানো হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল জাকী জানান, ইতালিফেরত ব্যক্তিদের এ কেন্দ্রে যতেœর সঙ্গে রাখা হয়েছে।  তারপরও কয়েকজন নানা অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন। তারা ওই কেন্দ্রে থাকতে চাচ্ছেন না। পরে তাদের বুঝিয়ে শান্ত করা হয়।

পুবাইল থানার ওসি মো. নাজমুল হক ভূইয়া জানান, বিকেলে বিক্ষোভ ও ভাঙচুরের খবর পেয়ে সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়। ওই কেন্দ্রের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এদিকে ইতালিফেরতদের পুবাইলে কোয়ারেন্টাইনে রাখায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। গতকাল অনেকে এলাকা ছেড়ে দূরে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে বলে খবর পাওয়া গেছে। আতঙ্কে হাসপাতালের আশপাশে যাচ্ছেন না এমনকি সড়কও পরিহার করে চলছেন অনেকে।

গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান বলেন, ‘নিবিড়ভাবে তাদের পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে আমাদের টিম। করোনাভাইরাস এখনো শনাক্ত হয়নি। অবস্থা বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সুস্থদের দ্রুত ছেড়ে দেওয়া হবে। পরিবারের চিন্তার কোনো কারণ নেই।’

জেলা প্রশাসন সূত্র জানায়, মেঘডুবি ২০ শয্যার মা ও শিশু কেন্দ্র ছাড়াও পুবাইলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) প্রস্তুত রাখা হয়েছে। ওই স্কুলটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। পুবাইলে ম্যাটস-এ ৫০০টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। একটি বেড থেকে অপরটির দূরত্ব রাখা হয়েছে এক মিটার করে।