করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সাভারে বিদেশ ফেরত ৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস সূত্রে এই তথ্য জানা গেছে। তবে তাদের শরীরে জ্বর কিংবা ঠান্ডাজনিত করোনাভাইরাসের কোন উপসর্গ পাওয়া যায়নি বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকেরা।
সোমবার বিকেলে সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা বিষয়টি নিশ্চিত করেন।
ডা. সায়েমুল হুদা বলেন, সাভারে এখন পর্যন্ত কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি। গত ১৪ মার্চ ইতালি থেকে ৪ জন, সৌদি আরবের ২ জন ও দুবাই থেকে ২ জনসহ মোট ৮ জন দেশে ফিরেছেন। তাদের হাসপাতালে রাখার মতো পরিস্থিতি তৈরি না হওয়ায় গত ১৫ মার্চ থেকে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। কিন্তু এদের মধ্যে কারও শরীরে করোনার কোনো উপসর্গ পাওয়া যায়নি।
তারা যাতে ঘরের বাইরে বের হতে না পারেন সে ব্যাপারে জেলা সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য অফিস ও প্রশাসন তাদের ওপর নজরদারি রাখছে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, আমিনবাজার ২০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য উপকেন্দ্রকে হোম কোয়ারেন্টাইন হিসেবে তৈরি রাখা হয়েছে। এর পাশাপাশি সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে ৬ জন রোগী রাখার মত ব্যবস্থা করা হয়েছে।
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জাকারিয়া হোসাইন বলেন, বিদেশ ফেরতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থেকে দেওয়া নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে পুলিশও তাদের নজরদারি করছে। নির্দেশনা না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।