করোনাভাইরাসের কবলে সারা দেশের সব প্রেক্ষাগৃহ বন্ধের ঘোষণা দিয়েছে হল-মালিক সমিতি। তাই বেশকিছু সিনেমা মুক্তির তারিখ পিছিয়েছে। কিন্তু হল-মালিকরা ঈদের সিনেমার জন্য অপেক্ষায় থাকেন। সারা বছর তেমন দর্শক না হলেও ঈদের সময়টায় সব ক্ষতি উসুল করতে পারবেন, এটাই থাকে তাদের প্রত্যাশা। বিশেষ করে সুপারস্টার শাকিব খানের সিনেমা হলে হল-মালিকরা খানিকটা নিশ্চিন্ত থাকেন। শাকিবের সিনেমা এলেই দর্শকরা হুমড়ি খেয়ে পড়ে। আগে এক ঈদে একাধিক মুভি মুক্তি পেত শাকিবের। কিন্তু দুই বছর ধরে প্রতি ঈদে মাত্র একটি করে মুভি মুক্তি দিয়ে আসছেন তিনি। সুপারহিটও হয়েছে সিনেমাগুলো। এবার শাকিববিহীন ঈদ হবে বলেই ধারণা করছিলেন অনেকে। অবশেষে সেই হিসাব-নিকাশ পাল্টে দিয়ে নতুন সিনেমার ঘোষণা দিলেন নির্মাতা অনন্য মামুন। তিনি শাকিবকে নিয়ে নির্মাণ করতে যাচ্ছেন ঈদের সিনেমা ‘নবাব এলএলবি’। এতে শাকিবের সঙ্গী মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। মাহির সঙ্গে অনেক আগে ‘ভালোবাসা আজকাল’ সিনেমায় কাজ করলেও স্পর্শিয়ার সঙ্গে এটাই শাকিবের প্রথম কাজ।
অর্চিতা স্পর্শিয়া দেশ রূপান্তরকে বলেন, ‘শুধু সিনেমায় কাজ করব বলে অনেক ছাড় দিতে হয়েছে। নাটকের কাজ বন্ধ করেছি কয়েক বছর। বেশকিছু ভালো সিনেমায় কাজও করেছি। শাকিব খানের সঙ্গে সিনেমাটি করার মাধ্যমে আমার সিনেমাযাত্রা আরেক ধাপ ওপরে উঠবে বলেই আমার বিশ^াস। তিনি দেশের সিনেমাজগতের সুপারস্টার। সব অভিনেত্রীই তার সঙ্গে কাজ করতে চায়। আমি সুযোগটি পেয়েছি, তাই শতভাগ কাজে লাগাতে চাই।’
একই সিনেমায় মাহিয়া মাহিও আছেন। বিষয়টি কীভাবে দেখছেন জানতে চাইলে তিনি বলেন, ‘এটা কোনো বড় বিষয় নয়। শুধু একজন কেন, আরও অভিনেত্রী থাকতে পারে। আমার চরিত্রটি সিনেমার জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটাই আসল বিষয়। এ সিনেমায় আমি যে চরিত্রটি করছি সেটি ছাড়া কোনোভাবেই গল্পটি বলা সম্ভব নয়। আর চরিত্রটিতে অভিনয়ের যথেষ্ট সুযোগ রয়েছে। আমি এর আগে এ ধরনের চরিত্র কখনোই করিনি। এজন্য কাজটি করতে রাজি হয়েছি।’
স্পর্শিয়া বলেন, ‘অনেক দিন ধরেই মুভিটির বিষয়ে কথা চলছিল। এমন না যে হুট করে হতে যাচ্ছে। এর গল্প খুবই স্ট্রং। আর আমার যে চরিত্র সেটা সত্যি মুগ্ধ হওয়ার মতো। সবকিছুই চূড়ান্ত হয়ে আছে আগে থেকেই। মাঝখানে আমি অ্যাক্সিডেন্ট করায় বিশ্রামে আছি এখন। যার কারণে সাইনিং হয়নি এখনো। আজই হওয়ার কথা ছিল। তবে আজকালের মধ্যে হয়ে যাবে।’
স্পর্শিয়া আরও জানান, আগামী ২৮ মার্চ ঢাকাতেই মুভিটির শ্যুটিং শুরু হতে যাচ্ছে। তার অংশের কাজ শুরু হবে ১ এপ্রিল থেকে। অনন্য মামুনের গল্পে ও চিত্রনাট্যে এটি নির্মিত হবে। প্রযোজনা করছে সেলিব্রেটি প্রোডাকশন।