জাতির পিতার প্রতি প্রকৃত শ্রদ্ধা হিসেবে সর্বস্তরে চুরি, দুর্নীতি ও অনিয়ম বন্ধ করতে পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন এই মন্ত্রণালয়ের মন্ত্রী এম এ মান্নান। রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ এবং দায়িত্বের প্রতি শতভাগ সৎ থাকারও পরামর্শ দিয়েছেন তিনি। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু উন্নয়নের স্বপ্নের কথা বলতেন এবং যত দিন জীবিত ছিলেন সেই স্বপ্ন বাস্তবায়নে প্রাণপণ চেষ্টা করে গেছেন। সুখী, সমৃদ্ধিশালী সোনার বাংলা গড়ার তার সেই স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমেই কেবল তার প্রতি প্রকৃত শ্রদ্ধা এবং জাতির কৃতজ্ঞতা জানানো সম্ভব।
গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জš§শতবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে এসব কথা বলেছেন মন্ত্রী। শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি বলেন, মন্ত্রী হিসেবে দুর্নীতি নিয়ে আমিও শঙ্কিত। অথচ পরিকল্পনা মন্ত্রণালয়ের দুর্নীতির সমাধান কর্মকর্তাদের হাতেই আছে। দুর্নীতি হয় কাগজ-কলমের মাধ্যমে। সারা দেশের উন্নয়নের কাগজপত্র এই মন্ত্রণালয়ে আসে। কর্মকর্তারা চোখ-কান খোলা রেখে সততার সঙ্গে কাজ করলেই দুর্নীতি বন্ধ করা সম্ভব।
পরিকল্পনা কমিশনের সচিব নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিশনের সদস্য শামসুল আলম, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সাহিন আহমেদ চৌধুরী, শামীমা নার্গিস উপস্থিত ছিলেন।