‘জন্ম নিলো যারা এ মাসে, বৃক্ষ নিয়ে মোরা তার পাশে’ মুজিববর্ষে এমন সেস্নাগান নিয়ে লালমনিরহাটের হাতীবান্ধায় চলতি মার্চ মাসে জন্ম নেওয়া ১০ শিশুর বাড়ি বাড়ি গিয়ে বৃক্ষরোপণ ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার গোতামারী ইউনিয়নে ব্যতিক্রমী এ আয়োজন করেন দইখাওয়া আদর্শ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ ছাড়া ওই নবজাতকদের পরিবারের সদস্যদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
বেলা ১১টার দিকে বের হয়ে গোতামারী ইউনিয়নের দইখাওয়া, কামাড়পাড়া ও রামঝোল গ্রামের এসব নবজাতকের বাড়ি বাড়ি মিষ্টি ও গাছের চারা নিয়ে হাজির হন প্রতিষ্ঠানটির শিক্ষক ও ছাত্ররা। একে একে ৩টি গ্রামের ১০টি নবজাতকের পরিবারের কাছে যান তারা।
দইখাওয়া গ্রামের নবজাতকের মা সেলিনা বেগম (২২) বলেন, ‘বাচ্চার জন্য কলেজের স্যার ও শিক্ষার্থীরা আমাদের বাড়িতে গাছের চারা রোপণ করে মিষ্টি দিয়ে গেছেন। মুজিববর্ষে এই উপহার পেয়ে আমরা খুব আনন্দিত।’
জাতির জনকের শততম জন্মবার্ষিকী আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতেই এ ব্যতিক্রমী আয়োজন বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। এ সময় দইখাওয়া আদর্শ কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেন ও কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ বলেন, ‘১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন। এ উপলক্ষে মার্চ মাসে যেসব পরিবারে শিশু জন্মগ্রহণ করেছে তাদের বাড়ি বাড়ি গিয়ে একটি করে আমের চারা রোপণ করি এবং তাদের মধ্যে মিষ্টি বিতরণ করি।’