হোম কোয়ারেন্টাইনে না থাকলে বা ব্যত্যয় ঘটলে সংক্রমণ ব্যাধির আইন অনুযায়ী জেল-জরিমানা করা হবে বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, কোয়ারেন্টাইনে থাকাকালীন তাদের করোনাভাইরাসের লক্ষণগুলো প্রকাশ পেলে এবং পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হলে আইইডিসিআরের হটলাইনে যোগাযোগ করতে হবে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনে সমন্বিত নিয়ন্ত্রণকক্ষ উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বে ১৭০টি দেশ আক্রান্ত। এই দেশগুলো থেকে আগতদের অনেকে বিমানবন্দরে প্রথমিক চিকিৎসা না নিয়ে ফাঁকি দিয়ে চলে গেছে। তাদের চিহ্নিত করার জন্য মাঠপর্যায়ে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘দুই মাস আগে থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি। বিভাগীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আমরা কমিটি গঠন করেছি। ইতিমধ্যে দেশে ১০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। হয়তো দেশে আরও রোগী থাকতে পারে। দেশে স্থানীয়ভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই আমাদের সতর্কতা আরও বাড়াতে হবে।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সর্বোচ্চ নিরাপত্তার জন্য স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। তারপরও যদি কোনো শিক্ষার্থী বাইরে ঘোরাফেরা করে তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ড. বর্ধন জং রানা প্রমুখ।