জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে কর্মসূচি না রাখায় বিএনপির সমালোচনা করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘বিএনপি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, জাতির পিতার জন্মশতবার্ষিকীতে কোনো কর্মসূচি না রেখে সেটাই তারা আবার প্রমাণ করেছে।’ গতকাল মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর এই দিনে বিএনপির সুযোগ ছিল জাতির কাছে ক্ষমা চেয়ে হত্যা-ষড়যন্ত্রের রাজনীতি থেকে বেরিয়ে আসার ঘোষণা দেওয়ার। কিন্তু তারা সেটা করতে ব্যর্থ হয়েছে।’
জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার অন্যতম কুশীলব উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, ‘জিয়াউর রহমান শুধু কুশীলবই ছিলেন না, বঙ্গবন্ধু হত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন, বিদেশি দূতাবাসে তাদের পদায়ন করেছেন। তার স্ত্রী খালেদা জিয়াও ১৯৯৬ সালের নির্বাচনে এক মাস স্থায়ী সংসদে বঙ্গবন্ধুর খুনিকে বিরোধীদলীয় নেতা বানিয়ে তার গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়েছিলেন। কিন্তু সত্য হলো, বঙ্গবন্ধুর নাম যারা মুছে ফেলতে চেয়েছে, তাদের নামই মুছে গেছে।’
তিনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে আমরা অনুষ্ঠানগুলো পুনর্বিন্যাস করলেও মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনার ঘাটতি নেই। সবাই শ্রদ্ধাবনত চিত্তে জাতির পিতাকে স্মরণ করছেন।’
বিএফডিসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, চিত্রনায়ক আলমগীর, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জায়েদ খান, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু প্রমুখ।