মুমিনুলদের ব্যাটিং উপদেষ্টা ‘হচ্ছেন’ কোহলিদের গুরু

ভারতের সাবেক ক্রিকেটার ও দেশটির জাতীয় দলের সাবেক সহকারী কোচ সঞ্জয় বাঙ্গারকে টেস্ট ব্যাটিং উপদেষ্টা হিসেবে পেতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই পক্ষের আলোচনাও এগিয়েছে অনেক দূর।

এই মুহূর্তে টাইগারদের সঙ্গে ব্যাটিং উপদেষ্টা হিসেবে কাজ করছেন নিল ম্যাকেঞ্জি। তবে দক্ষিণ আফ্রিকানের সঙ্গে বিসিবির চুক্তি শুধু সাদা বলের জন্য।

বিসিবির অনুরোধে আপাতত লাল বলেও টাইগারদের সঙ্গে কাজ করছেন ম্যাকেঞ্জি। তবে জুনে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফরের আগেই লাল বলের জন্যও ব্যাটিং কোচ চূড়ান্ত করে ফেলতে চাচ্ছে বিসিবি। এ ক্ষেত্রে ভারতের সাবেক অলরাউন্ডার সঞ্জয় বাঙ্গারই বিসিবি প্রথম পছন্দ বলে জানা গেছে।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিমাজউদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমের সঙ্গে এ নিয়ে কথা বলেছেন। বাঙ্গারের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।

তবে নিজাম উদ্দিন বললেন এখনো কোনো কিছু চূড়ান্ত নয়, ‘আমরা বাঙ্গারের সঙ্গে আলোচনা করছি। কিন্তু এখনো কোনো কিছু চূড়ান্ত হয়নি। আমরা আরো কয়েক জনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি।’

‘ম্যাকেঞ্জি সাদা বলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করার পাশাপাশি লাল বলের দিকটাও দেখছেন। তবে আমরা টেস্টের জন্য ব্যাটিং পরামর্শক চাচ্ছি, যিনি শুধু লাল বল নিয়েই কাজ করবেন।’- যোগ করেন নিজাম উদ্দিন।

ভারতের হয়ে ১২টি টেস্ট ও ১৫টি ওয়ানডে খেলা বাঙ্গার বেশ হাই প্রোফাইল কোচ। ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ভারতের ব্যাটিং কোচ ও সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ভারতের অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব সামলেছেন। ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরেও ভারতীয় দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ ছিলেন বাঙ্গার। ২০১৯ বিশ্বকাপের পর তার সঙ্গে আর চুক্তি বাড়ায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

ক্রিকবাজ লিখেছে, সবকিছুতে দুই পক্ষ একমত হলে বিসিবি ও বাঙ্গারের চুক্তি হবে ১১০ দিনের। ২০২০ সালের জুন থেকে ২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে এই মেয়াদে কাজ করবেন বাঙ্গার।