পতেঙ্গা ও কুয়াকাটা সৈকতে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পতেঙ্গা ও কুয়াকাটা সমুদ্র সৈকতে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

সিএমপি কমিশনার মাহবুবুর রহমান জানিয়েছেন, বুধবার বিকেল থেকে পতেঙ্গা সৈকতে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উৎপল বড়ুয়া বলেন, জনসমাগম যাতে না হয়, সে জন্য পতেঙ্গা ও নেভাল পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পতেঙ্গা সমুদ্র সৈকতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সিএমপির পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হলো।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে পতেঙ্গা সৈকত এলাকায় যাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।

এছাড়া, বিকেল ৫টা থেকে দর্শনার্থীদের কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। কুয়াকাটা টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে করোনাভাইরাস মোকাবিলায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।