দুবাই থেকে বাড়ি ফিরে কোয়ারেন্টাইন এড়াতে দিনাজপুরের পার্বতীপুরে সেলিমউদ্দিন নামে এক তরুণ পালিয়ে বেড়াচ্ছেন। তিনি উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের চৈতাপাড়া গ্রামের ওয়াহেদ আলীর ছেলে। পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা বাড়িতে গিয়েও তাকে খুঁজে পায়নি। এ খবর জানাজানির পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুল্লাহেল মাফি বলেন, ‘বিদেশফেরত ওই যুবককে বাড়িতে গিয়েও পাওয়া যায়নি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। তিনি পাশের গ্রামে নানাবাড়িতে অবস্থান করছেন বলে খবর পাওয়া গেছে। তিনি স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিদের নজরদারিতে রয়েছেন। উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী আজ বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে জরিমানা ও গ্রেপ্তার করে পুলিশ পাহারায় করোনাভাইরাস চেকআপের জন্য দিনাজপুরে পাঠানো হবে।’
ওই গ্রামের শিক্ষক জাকির হোসেন বলেন, গত শুক্রবার সেলিম দুবাই থেকে বাড়িতে এসেছেন। এ খবর জানাজানি হলে সবাই তাকে খোলামেলা চলাফেরা না করে হোম কোয়ারেন্টাইনে থাকার কথা বলেন। কোয়ারেন্টাইন এড়াতে তিনি স্বজনদের বাড়ি বাড়ি পালিয়ে বেড়াচ্ছেন।
এদিকে দেশের ১৩ জেলায় গত ২৪ ঘণ্টায় এক সংসদ সদস্যসহ ৯৭২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে ফেনীতে ৫৪ প্রবাসীসহ ২৬৬, পটুয়াখালীতে নেদারল্যান্ডস ও সিঙ্গাপুরফেরত ৫, ব্রাহ্মণবাড়িয়ায় ১৪, নীলফামারীতে বিদেশফেরত ১৪, টাঙ্গাইলে ৬৪, নোয়াখালীতে এক সংসদ সদস্যসহ ৭১, কিশোরগঞ্জে ১২৩, নেত্রকোনায় ৫, সিলেটে ২০২, পাবনায় ১৪, বরগুনায় একজনকে আইসোলেশনসহ ২৭, বরিশালে ৬১ ও চুয়াডাঙ্গায় বিদেশফেরত ১০৬ জনকে তাদের নিজ বাড়িতে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে :
ফেনী : ৫৪ প্রবাসীসহ ২৬৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে ৫৪ জন প্রবাসফেরত আর বাকি ২১২ জন স্থানীয়। তবে এখন পর্যন্ত ফেনীর কোথাও করোনাভাইরাসে আক্রান্ত কারও সন্ধান পাওয়া যায়নি। কোয়ারেন্টাইনে থাকা সবাইকে নিবিড় পর্যবেক্ষণে রাখতে কাজ করে যাচ্ছে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগ ও জনপ্রতিনিধিরা। গতকাল বুধবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা তাহসিন নুর অমি এসব তথ্য জানান।
পটুয়াখালী : দুমকিতে গতকাল নেদারল্যান্ডস ও সিঙ্গাপুরফেরত পাঁচজনকে হোম কোয়ারেন্টাইনে রাখার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে নেদারল্যান্ডসফেরত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক এবং সিঙ্গাপুরফেরত একজন রয়েছেন। দুমকি উপজেলা স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ডা. মীর শহীদুল হাসান শাহীন জানান, উচ্চশিক্ষার (পিএইচডি) জন্য ওই চার শিক্ষক নেদারল্যান্ডসে অবস্থান করছিলেন। গত সোমবার তারা দেশে ফেরায় তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া : গতকাল পর্যন্ত ১৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে ১২ জনই ইতালি থেকে এসেছেন। আর বাকি দুজন এসেছেন সৌদি আরব ও ক্রোয়েশিয়া থেকে। গতকাল বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। কোয়ারেন্টাইনে থাকা ওই ১৪ জনের অবস্থা পর্যবেক্ষণ করে নিয়মিত প্রতিবেদন পাঠানোর নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
নীলফামারী : গতকাল বিকেল পর্যন্ত নতুন করে বিদেশফেরত ১৪ প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গতকাল পর্যন্ত ইতালি, সিঙ্গাপুর, দুবাই, বাহরাইন, কঙ্গো, মরিশাস, ব্রুনাই, ভারত, অস্ট্রেলিয়া, কাতার ও মালয়েশিয়া থেকে ৭১ প্রবাসী নীলফামারীতে ফেরত এসেছেন। তাদের মধ্যে ৩৫ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বাকি ৩৬ জনের হোম কোয়ারেন্টাইন শেষ হয়েছে।
টাঙ্গাইল : মির্জাপুরে গত ২৪ ঘণ্টায় ৬৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গতকাল বিকেলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম এ তথ্য জানিয়েছেন। তারা সবাই বিদেশফেরত। জানা যায়, করোনাভাইরাস শনাক্তের পর থেকেই মির্জাপুর স্বাস্থ্য বিভাগের মাঠকর্মীদের বিদেশফেরতদের তালিকা তৈরি করতে নির্দেশ দেওয়া হয়। সরকারি নির্দেশনা পাওয়ার পরই তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। তবে তাদের কারও শরীরে করোনাভাইরাসের লক্ষণ নেই।
নোয়াখালী : সংসদ সদস্যসহ ৭১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে বিদেশফেরতের সংখ্যা বেশি। নোয়াখালীর সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান জানান, গতকাল নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী স্বেচ্ছায় তার নিজ বাসভবনে কোয়ারেন্টাইনে রয়েছেন। সরকারি বিধি মোতাবেক তাদের সবাইকে সহযোগিতা করে যাচ্ছে স্বাস্থ্য বিভাগ। ৩১ মার্চ পর্যন্ত তারা হোম কোয়ারেন্টাইনে থাকবেন।
কিশোরগঞ্জ : গতকাল পর্যন্ত নতুন করে আরও ১৩২ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্যে ভৈরবে ৩১ জনসহ অন্যান্য উপজেলায় ৯২ জন রয়েছেন। এ সময়ের মধ্যে ৫২ জন তাদের কোয়ারেন্টাইন সমাপ্ত করেছেন। ২১৪ জন বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছেন। তাদের মধ্যে ১৯ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এবং বাকি ১৯৫ জন হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
নেত্রকোনা : গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও পাঁচজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গত মঙ্গলবার রাত ও গতকাল সকালে জর্ডান, মালয়েশিয়া, ওমান, বাহরাইন ও সিঙ্গাপুরফেরত এসব ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়। নেত্রকোনা জেলা সিভিল সার্জন ডা. মো. তাজুল ইসলাম জানান, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা সার্বক্ষণিক তাদের খোঁজখবর রাখছেন।
সিলেট : করোনাভাইরাস সন্দেহে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ২০২ জনকে নতুন করে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে এই বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে ৬৩৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান গতকাল এ তথ্য নিশ্চিত করে জানান, হোম কোয়ারেন্টাইনে রাখা বেশিরভাগই প্রবাসী ও তাদের আত্মীয়-স্বজন।
পাবনা : করোনা আক্রান্ত সন্দেহে এক মালয়েশিয়া প্রবাসীসহ তার পরিবারের ১৪ সদস্যকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গতকাল বিকেলে সুজানগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
বরগুনা : ভারতফেরত এক ব্যক্তিকে করোনাভাইরাস সন্দেহে সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। এছাড়া বিদেশফেরত আরও ২৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছেন বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ূন শাহিন খান।
বরিশাল : গতকাল দুপুর পর্যন্ত ৬১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখার কথা জানিয়েছেন সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন। তিনি জানান, গত কয়েক দিনে বরিশালের প্রায় সাড়ে তিন হাজার প্রবাসী দেশে এসেছেন। তাদের অনেকেই ঢাকায় আছেন। কেউ কেউ নিজ নিজ এলাকায় ফিরছেন। স্বাস্থ্য বিভাগ তাদের সবাইকে খুঁজে বের করে হোম কোয়ারেন্টাইন করার চেষ্টা করছে।
চুয়াডাঙ্গা : করোনা আক্রান্ত সন্দেহে চুয়াডাঙ্গায় বিদেশফেরত ১০৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গতকাল বিকেল পর্যন্ত চুয়াডাঙ্গার চারটি উপজেলার বিভিন্ন গ্রামে তাদের নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। চুয়াডাঙ্গা সিভিল সার্জন এএসএম মারুফ হাসান জানান, বিদেশফেরত এসব ব্যক্তিকে তাদের বাড়িতেই থাকতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। চিকিৎসক দিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। এখনো কারও শরীরে করোনার অস্তিত্ব মেলেনি।