কাগজ দিয়ে কাজ শুরু হলেও পরে মাটি ক্লে’র কাজ দিয়েই পরিচিতি পান নাবিলা আনোয়ার। ছোট থেকেই যে কাজের প্রতি ভালোবাসা ছিল, সে থেকেই কাছের মানুষ অথবা বন্ধুদের জন্মদিনে উপহার বানাতেন নিজের হাতেই। ঘরে সাজিয়ে রাখার জন্য শো-পিসও বানাতেন। একজনের জন্য একটি গিফট বানানোর পর তিনি উৎসাহ দিলেন পেজ খুলতে। ‘রঙিন কাগজ’ নামে পেজের যাত্রা শুরু তখন থেকেই।
কাগজ নিয়ে কাজ করলেও ক্লে’র কাজও নাবিলা করতেন বেশ উৎসাহ নিয়ে। কিছুদিন আগেও ক্লে নিয়ে তেমন কেউ কাজ করতেন না। যদিও বর্তমানে অনেকেই ক্লের ব্যাপারে উৎসাহী হয়েছেন। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে মাস্টার্স করেছেন নাবিলা। পাশাপাশি ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট থেকে শিখেছেন গ্রাফিকস ডিজাইন। পণ্য বানানো থেকে শুরু করে ডেলিভারি_ সবকিছু কারও সাহায্য ছাড়া সম্পূর্ণ একা হাতে সামলাচ্ছেন।
ক্লে দিয়ে এখন পর্যন্ত তিনি অনেক কিছু বানিয়েছেন। নকশিপিঠা, নুডলস, ডিম পোচ, স্যান্ডউইচ, স্ট্রবেরি, নানা নকশার কেক, বার্গার, কুকিজ, আইসক্রিম, পিজ্জা, ফুচকা, চকলেট, নানা ধরনের পিঠা, খিচুড়ি, নানরুটি, শিঙ্গাড়া, চায়ের কাপসহ অনেক কিছু। তার বানানো প্রতিটি জিনিস দেখে জীবন্ত মনে হয়। ক্লে’র বানানো জিনিসগুলো বেশির ভাগ সময়ই চাবির রিং হিসেবে ব্যবহার করা হয়। চাইলে যে কেউ ঘরে সাজিয়েও রাখতে পারেন। আকৃতি অনুযায়ী প্রতিটি পণ্যের মূল্য শুরু হয় ১২০ টাকা থেকে। এ ছাড়া বিস্কুটের সেট ৫০০ টাকা, মিষ্টির সেট ৮০০, ফুচকার সেট ৩০০ এবং বার্গারের সেট পাওয়া যাবে ৩৫০ টাকায়। এ ছাড়া সিঙ্গেল হিসেবে জিনিসের দাম ১২০-৫০০ টাকার ভেতরেই থাকে।
পেজ লিংক : www.facebook.com/ ronginkagoj by nabila/